আসানসোলে বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’, হুঙ্কার বিরোধী দলনেতার

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল-:

          ২০১১ সালে পরিবর্তন হয়নি। কিন্তু ২০২৬ এ হবে আসল পরিবর্তন হবে এবং সঙ্গে হবে ও  বদলাও- বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার ডাকে ডামরা হাটতলায় ঘুষিক ফুটবল ময়দানে আয়োজিত ‘পরিবর্তন সংকল্প সভা’-য় বক্তব্য রাখতে গিয়ে ঠিক এই ভাষায় হুঙ্কার দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই সভায় বিধায়ক অগ্নিমিত্রা পাল, জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, বিধায়ক ডাঃ অজয় পোদ্দার, প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি সহ অন্যান্য নেতারা এবং বিপুল সংখ্যায় কর্মী ও সমর্থক।

       হিন্দু ঐক্যের উপর জোর দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, এবারের ভোট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। হিন্দুরা ঐক্যবদ্ধভাবে ভোট দিলে কেউ বিজেপিকে ক্ষমতায় আসা থেকে আটকে রাখতে পারবে না। সমস্ত অন্যায়ের জবাবদিহি ও দূর্নীতির তদন্ত করা হবে। 

         তিনি বলেন, কলকাতার আরজি কর থেকে শুরু করে দুর্গাপুর মেডিকেল কলেজে যেভাবে নারীদের উপর নির্যাতন করা হয়েছে তাতে বাংলার নাম কলঙ্কিত হয়েছে। তিনি জেলার তৃণমূল নেতাদেরকে তীব্র আক্রমণ করে বলেন, যাদের আর্থিক অবস্থা আগে খারাপ ছিল তারা ক্ষমতায় আসার পরে বিলাসবহুল জীবনযাপন করছেন। পাণ্ডেশ্বরের বিধায়ক নরেন্দ্র চক্রবর্তী, বারাবানির নেতা অসিত সিং, মন্ত্রী মলয় ঘটক-  তারা প্রত্যেকেই দুর্নীতিতে ডুবে আছেন। আসলে তৃণমূলের জমানায় বাংলার সাধারণ মানুষের কোনো পরিবর্তন নাহলেও নেতা ও মন্ত্রীদের বিপুল পরিবর্তন হয়েছে। 

       আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল বলেন, আমি চাই শুভেন্দু অধিকারী আসানসোলের আর্থিক অনিয়মের দিকে নজর দিন এবং অপরাধীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক। তিনি আরও বলেন,  ঠিকাদাররা আসানসোল পুরনিগমের জন্য কাজ করতে অনিচ্ছুক। কারণ টেন্ডারের আগেই তাদের কাছ থেকে কাটমানি নেওয়া হচ্ছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *