এমএলএ কাপ দাবা প্রতিযোগিতা- উদ্যোগে রাজ্যের মন্ত্রী

সৌভিক সিকদার, পূর্ব বর্ধমান -:

        পূর্বস্থলীতে প্রথমবারের জন্য আয়োজিত এমএলএ কাপ দাবা প্রতিযোগিতায় অনুর্দ্ধ ১৪ বিভাগে দ্বিতীয় স্থান দখল করলেন বর্ধমানের স্বপ্ননীল দত্ত। তার হাতে ট্রফি তুলে দেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ ও গ্রান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া। পাশাপাশি দাবায় উৎসাহ দেওয়ার জন্য এলাকার বিভিন্ন বিদ্যালয়  ও ক্লাব কর্তৃপক্ষের হাতে দাবার সরঞ্জাম তুলে দেওয়া হয়।

        প্রসঙ্গত খেলাধূলায় বাংলার ছেলেমেয়েদের মধ্যে আগ্রহ বাড়াতে রাজ্যের বিভিন্ন প্রান্তে স্থানীয়  বিধায়কদের উদ্যোগে শুরু হয়েছে এমএলএ কাপ ফুটবল ও ক্রিকেট প্রতিযোগিতা। কিন্তু এই প্রথম মন্ত্রীর উদ্যোগে এবং দিব্যেন্দু বড়ুয়া ফ্যান ক্লাবের পরিচালনায় অল বেঙ্গল ওয়ান ডে র‍্যাপিড দাবা টুর্ণামেন্টের আয়োজন করা হয়। পূর্বস্থলী -১নং ব্লকের নজরুল মঞ্চে আয়োজিত এই দাবা প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে ১১০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার উদ্বোধন করেন মন্ত্রী স্বপন দেবনাথ। মোট ৬ টি রাউন্ডের প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতাকে কেন্দ্র করে স্থানীয়দের উৎসাহ ছিল চোখে পড়ার মত। 

       প্রতিযোগিতা শেষে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন গ্রান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া, মন্ত্রী স্বপন দেবনাথ সহ অন্যান্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন নদীয়া জেলা দাবা সংস্থার চেয়ারম্যান তুষার চ্যাটার্জী এবং ম্যাচ পরিচালনা করেন ইন্টারন্যাশনাল আরবিটর দেবাশীষ বড়ুয়া। 

      উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে গ্রান্ড মাস্টার প্রতিযোগীদের উদ্দেশ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। দাবার প্রচলন বাড়াতে এলাকার স্কুল ও ক্লাবগুলিকে দাবার সরঞ্জাম প্রদান করা হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *