কুলটিতে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থীর জোরদার প্রচার

কুলটিতে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থীর জোরদার প্রচার

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

       এলাকায় মাটি কামড়ে পড়ে রয়েছেন জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আত্মবিশ্বাসী কুলটি কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ অজয় পোদ্দার। শনিবার দলীয় কর্মীদের নিয়ে কুলটির গাঙ্গুটিয়া এলাকায় এক বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে নিজের প্রচার সারলেন তিনি। তার এই প্রচারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা গেছে।  প্রচারের সময় তিনি কেন্দ্রীয় সরকারের সাফল্য এবং স্থানীয় এলাকার অনুন্নয়নের খতিয়ান তুলে ধরেন। এদিন সকালে গাঙ্গুটিয়া গ্রামে পৌঁছালে দলীয় কর্মী-সমর্থকরা তাঁকে ফুল ও মালা দিয়ে বরণ করে নেন। প্রার্থী নিজে বাড়ি বাড়ি গিয়ে প্রবীণদের আশীর্বাদ নেন এবং এলাকার সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনেন। ডাঃ পোদ্দার বলেন, “কুলটির মানুষ এবার পরিবর্তনের মুডে রয়েছেন। পানীয় জলের সমস্যা থেকে শুরু করে বেকারত্ব- গত কয়েক বছরে কুলটি অবহেলাই পেয়েছে।” তিনি বলেন, “মোদী সরকারের ‘সবকা সাথ, সবকা বিকাশ’ মন্ত্রকে পাথেয় করেই তিনি কুলটির সার্বিক উন্নয়ন ঘটাতে চান।” তিনি আরও বলেন​ ,”মানুষের স্বতঃস্ফূর্ত সাড়াই বলে দিচ্ছে ফলাফল কী হতে চলেছে। কুলটির প্রতিটি প্রান্তে পদ্ম ফোটানোর জন্য মানুষ মুখিয়ে আছেন। আমরা জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী।” প্রচারের ময়দানে যুবসমাজের মধ্যে ডাঃ পোদ্দারের জনপ্রিয়তা বিজেপির পালে বাড়তি হাওয়া দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *