সুলেখা চক্রবর্তী, হাওড়া:- গতকাল অর্থাৎ সোমবার গভীর রাতে ডোমজুড়ের নিশ্চিন্দা থানার নিশ্চিন্দা এলাকায় একটি সোনার দোকানে দুঃসাহসিক চুরি হয়। দুষ্কৃতীরা দোকানের প্রায় দশ টি তালা কেটে দোকান খুলে ভিতর থেকে প্রায় সাত লক্ষ টাকার সোনা রুপার গহনা এবং নগদ টাকা লুট করে পালিয়ে যায়।
সকালে দোকানের মালিক দোকানে এসে খুলে দেখে কান্নায় ভেঙে পড়ে।
এলাকা সূত্রে জানা গেছে যে দুষ্কৃতীরা দোকানে চুরি করার আগে দোকানের আশেপাশে লাগানো সমস্ত সিসিটিভির মুখ ঘুরিয়ে দেয়, তারও কেটে দেয়।
শুধু তাই নয় যাতে করে মানুষ বাইরে বের হতে না পারে, তাই এলাকার প্রায় প্রতিটা বাড়ির সদর দরজার কড়া দড়ি দিয়ে বেঁধে দেয় ।
তারপর তালা কেটে ঢুকে প্রথমেই সিসিটিভি ভেঙে দেয় এবং হার্ডডিস্কও নিয়ে নেয়।
বেশ কিছুক্ষণ ধরে লুটপাট চালিয়ে তারা চম্পট দেয় ।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায় প্রচুর খালি গহনার বাক্স ইতস্তত বাইরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।
চুরির ধরন দেখে এলাকাবাসীর সন্দেহ দুষ্কৃতীরা বেশ কিছুদিন ধরে এলাকায় রেইকি করেছে ।
যার ফলে হবে সিসিটিভি লাগানো আছে সে সবগুলো তাদের আগে থেকে জানা ছিল।
তাই দোকানের ভিতরে বা বাইরের সিসিটিভিতে তাদের ছবি পাওয়া যায়নি ।
নিশ্চিন্দা থানার পুলিশ তদন্ত শুরু করলেও এলাকার স্বর্ণ ব্যবসায়ীদের অভিযোগ প্রায় দেড়-দুই মাস ধরে এলাকার কয়েকটি সোনার দোকানে একই ভাবে চুরি হয়েছে । এ বিষয়ে সমবেতভাবে থানায় লিখিত জানালেও কোনও ব্যবস্থা না হওয়ায় আতঙ্কিত ৩বং ক্ষুব্ধ এলাকার ব্যবসায়ীরা।