পলি সরকার ভট্টাচার্য্য (হলদিয়া)

কর্তা বললো,বলো কি তোমার অভিমত?
গিন্নী বললো,দরকার নেই,শেষ অবধি তো
তোমার মতেই মত।
জল বললো, শোনো আমায় রক্ষা করো
মন বললো, কি করে বাঁচাই, আঁখ যে
টলোমলো।
মাটি বললো,একটু বোঝো,খোঁড়াখুঁড়ি করো বন্ধ
সকলের ই আলাদা আলাদা পরিসর চাই সংসার যে খন্ড দ্বিখন্ড।
বাতাস বলল,বাঁচাও আমায়,তাপে ধোঁয়ায় ক্লান্ত
শিল্প বললো,কি করে হবে? আধুনিকতা আনতে
আমরা যে সর্বস্বান্ত।
বৃক্ষ বললো,কেটোনা আমায়, আমি বড়োই উপকারী
ব্যবসায়ী বললো,তোমায় রাখলে আমার পকেট হবেনা ভারী।
শিক্ষা বললো,করছো কি?আমায় মারছো যে গলা টিপে
সুচতুর নেতা বললো না,গর্ত তার ঘরের
কার্পেটের ই নীচে।
কবি বললো,এই ফাঁকে একখান্ কবিতা লিখে নিই
নেতা বললো, সাবধান! মনে রেখো আমি কিন্তু
এখনও ভাতা দিই।।