সমীরণ দাস (কলকাতা)

আমার চোখের সামনে দেখছি,
এক ধূসর সভ্যতা।
এখানে বাতাসে বিষ, ফুসফুস করে কালো
আর প্রতি নিশ্বাসে তাই মৃত্যু ভয়!
এখানে আলোর তীব্রতা,
আয়ন মন্ডল চিরে অন্ধ করে চোখ,
এখানে ভালবাসা বুক দিয়ে আর যায়না মাপা
মুখের মেকাপ নিয়ে, অন্ধকার অভিসার সেরে-
ফেলে যায় একাকিত্ত্বের নিঃসীম অন্ধকারে।
এখানে ভালো থাকা,
অর্থের কন্টক শয্যায় শুয়ে,
চিন্তার বালিশে কেবল দুঃস্বপ্নের রাত্রি যাপন।
এখানে জীবন যাপন,
কলুর বলদ – চলে সারে সারে
পাশে থেকে এ পৃথিবীতে মানুষ চেনেনা কাহারে।
আমি জানিনা এর শেষ কবে!
কবে আবার এই ধূসর পৃথিবীতে ফুটবে প্রাণের আলো,
গাইবে পাখি সবুজ ডালে ডালে
ফুটবে রঙিন ফুল জগৎ করে আলো।
কচি কিশলয়ে জাগবে আবার হাসি,
আমি – তুমি – আমাদের সন্তান- সন্ততি থাকবো এক ঘরে, খুব কাছাকাছি।