নববর্ষ

ঝর্ণা সরদার (দিল্লি)

নতুন বছর নতুন হলো কবে?
সেই তো সব আছে আগের মত
পথের পরে উড়ছে ধূলো বালি
ফুলগুলো সব বিছিয়ে কত শত ।

সকাল বেলা ফুটলো নতুন আলো
ঠিক যেন রোজকারের ই মত
ভোরের পাখি কিচির মিচির গানে
ভুবন ডাঙায় খেলে বেড়ায় যত।

অন্ধজনে আজ ও শোনায় গান
গোলাপ বেচে আজ ও যারা কুঁড়ি
এ ট্রেন ও ট্রেন আজ ও চলে ফেরি
ছেঁড়া জামায় পথ ই যাদের বাড়ি ।

তবু ও সবাই নতুনকে বরণ করে
কুড়িয়ে নেবে হাজার খানেক সুখ
সে আশাতেই আলোর সানাই বাজে
আলোমাখা সব কটা আজ মুখ।

নতুন পুরাতন যত ই থাক না মিল
তবু ও মানুষ বুক বাঁধে বিশ্বাসে
ভোর থেকে শুভকামনা বিনিময়
বাড়িয়ে দুহাত চির নবীনের আশে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *