​নেতৃত্বকে বিঁধে বিস্ফোরক প্রাক্তন যুব সভাপতি

​নেতৃত্বকে বিঁধে বিস্ফোরক প্রাক্তন যুব সভাপতি

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

       নির্বাচনের ফলাফল পরবর্তী সময়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের অন্দরের ক্ষোভ এবার আছড়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। দলের প্রাক্তন জেলা যুব সভাপতি কৌশিক মন্ডলের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে জেলা রাজনীতিতে তীব্র শোরগোল পড়ে গিয়েছে। সরাসরি জেলা নেতৃত্বকে আক্রমণ করে কৌশিক দাবি করেছেন, জেলায় তৃণমূলকে ‘শূন্য’ করে দেওয়ার নেপথ্যে নিজের দলেরই কিছু নেতার হাত রয়েছে।

​নিজের পোস্টে জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীকে তীব্র কটাক্ষ করে কৌশিক অভিযোগ তোলেন যে, তার নেতৃত্বেই সংগঠনের এই করুণ দশা। জেলা নেতৃত্বের বিরুদ্ধে ‘তোলাবাজি’ ও ‘অত্যাচার’-এর মতো গুরুতর অভিযোগ তোলার পাশাপাশি তিনি দাবি করেন, দলের পুরোনো ও নিষ্ঠাবান কর্মীদের পরিকল্পিতভাবে সরিয়ে দেওয়া হয়েছে। ফলে সংগঠনের ভিত দুর্বল হয়ে পড়েছে এবং নিচুতলার কর্মীদের মধ্যে চরম হতাশা তৈরি হয়েছে।

       ​সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, কৌশিক তার এই পোস্টে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে বিষয়টি নজরে আনার আর্জি জানিয়েছেন। রাজনৈতিক মহলের মতে, এই ঘটনা কেবল গোষ্ঠীদ্বন্দ্ব নয়, বরং দলের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভেরই বহিঃপ্রকাশ। 

         যদিও দলের পক্ষ থেকে এখনও কোনো সরকারি প্রতিক্রিয়া মেলেনি। তবে এই ‘বিস্ফোরক’ পোস্ট যে শাসক শিবিরের অস্বস্তি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। বিরোধী শিবিরও এই সুযোগে তৃণমূলের সাংগঠনিক ব্যর্থতা নিয়ে সুর চড়াতে শুরু করেছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *