অনন্ত রুইদাস, পাণ্ডবেশ্বর:-
ভোটের ময়দান তপ্ত, আর তার মাঝেই ফের স্বমহিমায় বীরভূমের ‘বেতাজ বাদশা’ অনুব্রত মণ্ডল! জেল থেকে ফেরার পর মেজাজ পাল্টায়নি একচুলও। এবার তাঁর নিশানায় পাণ্ডবেশ্বর। সাফ জানিয়ে দিলেন, ওখানকার তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী জিতছেনই, আর মার্জিন হবে পুরো ৪০ হাজার! বিরোধীদের কার্যত হুঁশিয়ারি দিয়ে কী বললেন কেষ্ট? দেখুন এই বিশেষ প্রতিবেদন।
আসানসোল থেকে বীরভূম—রাজনীতির পারদ চড়াতে অনুব্রত মণ্ডলের একটা মন্তব্যই যথেষ্ট। পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্র নিয়ে এবার বড়সড় বাজি ধরলেন তিনি। আত্মবিশ্বাসের সুরে অনুব্রত দাবি করেছেন, “নরেন্দ্রনাথ চক্রবর্তী জিতবে এবং সেই জয়ের ব্যবধান হবে কমপক্ষে ৪০ হাজার ভোট!”
পাণ্ডবেশ্বরের মাটি তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হলেও, এবারের লড়াইয়ে কোনো ফাঁক রাখতে রাজি নন তিনি। অনুব্রতর এই মন্তব্য কি কেবলই দলীয় কর্মীদের চাঙ্গা করতে, নাকি পর্দার আড়ালে কোনো বিশেষ ‘গেমপ্ল্যান’ তৈরি করে ফেলেছেন তিনি? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।
অনুব্রত মণ্ডলের কোথায় “আমি বলছি মিলিয়ে নেবেন, নরেন চক্রবর্তী ৪০ হাজারে জিতবে। ওখানে বিরোধী বলে কিছু নেই। মানুষ উন্নয়ন দেখে ভোট দেবে। আর যারা কুৎসা করছে, তাদের রেজাল্টের দিন জবাব দিয়ে দেব। খেলা হবে এবং জেতাও হবে!”
অনুব্রত মণ্ডলের দাবি ইঙ্গিত দিচ্ছে যে বুথ স্তরে সংগঠনের রাশ এখনও তাঁর হাতেই।
৪০ হাজারের লিড ঘোষণা করে আদতে বিজেপি এবং অন্যান্য বিরোধীদের ওপর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতে চাইলেন কেষ্ট।
বিদায়ী বিধায়ক তথা প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর ওপর দলের শীর্ষ নেতৃত্বের যে পূর্ণ আস্থা আছে, তা এই মন্তব্যে স্পষ্ট।
পাণ্ডবেশ্বরের কয়লা খনি অঞ্চল কি সত্যিই অনুব্রতর এই ‘ভবিষ্যদ্বাণী’ সফল করবে? নাকি ফাটল ধরাবে বিরোধীরা? ৪০ হাজারের টার্গেট কি কেবলই গলার জোর, নাকি বাস্তবের প্রতিফলন? নজর থাকবে ব্যালট বাক্সে।

