পুড়ে যাওয়া তৃণমূল অফিস গড়ে দিচ্ছেন বিজেপি বিধায়ক

পুড়ে যাওয়া তৃণমূল অফিস গড়ে দিচ্ছেন বিজেপি বিধায়ক

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার-:

​         আসানসোলের রাজনৈতিক পরিমণ্ডলে এক অভাবনীয় সৌজন্যের নজির গড়লেন আসানসোল উত্তর কেন্দ্রের নবনির্বাচিত বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। গত মঙ্গলবার রাতে আসানসোল পুরনিগমের ৫২ নম্বর ওয়ার্ডের কোর্ট মোড় এলাকায় তৃণমূল কাউন্সিলর মৌসুমী বসুর একটি দলীয় কার্যালয় আগুনে ভস্মীভূত হয়ে যায়। সেই পুড়ে যাওয়া অফিসটি এবার নিজের খরচে ও উদ্যোগে নতুন করে গড়ে দেওয়ার কাজ শুরু করলেন বিজেপি বিধায়ক।

         ​পুলিশ ও দমকলের প্রাথমিক অনুমান, অগ্নিকাণ্ডের কারণ শর্ট সার্কিট। তবে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাকে ‘ভোট-পরবর্তী হিংসা’ হিসেবে প্রচার করা হচ্ছিল বলে অভিযোগ। এই রাজনৈতিক চাপানউতোরের মাঝেই বৃহস্পতিবার সকালে বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। তিনি স্পষ্ট জানান, বিজেপি হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। যারা বিজেপির নাম ভাঙিয়ে অশান্তি করার চেষ্টা করছে, তাদের কঠোর বার্তা দিতেই এই পুনর্গঠনের সিদ্ধান্ত। বিজেপি বিধায়কের দাবি, অফিসটি সম্পূর্ণ তৈরি হওয়ার পর তা তৃণমূল নেতৃত্বের হাতে তুলে দেওয়া হবে। 

         তার কথায়, “শর্ট সার্কিটকে রাজনৈতিক রং দিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা হচ্ছে। মানবিকতার খাতিরেই আমি এই উদ্যোগ নিয়েছি।” 

           তৃণমূল কাউন্সিলরের তরফে কোনো প্রতিক্রিয়া না মিললেও বিরোধী বিধায়কের এই ‘গঠনমূলক’ রাজনীতি আসানসোলের জনমানসে ব্যাপক চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শাসক বদলের সন্ধিক্ষণে এই সৌজন্য এক ইতিবাচক নজির।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *