সৌভিক সিকদার, ফাইনাল এক্সপোজার-:
জ্যৈষ্ঠ মাসের পবিত্র ফলহারিণী অমাবস্যা তিথি উপলক্ষ্যে বীরভূমের মহাশক্তিপীঠ তারাপীঠ মন্দিরে ভোর থেকেই পুণ্যার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেল। তন্ত্রসাধক বামাক্ষ্যাপার সাধনক্ষেত্রে মধ্যরাত্রির পর মন্দিরের গর্ভগৃহের দ্বার খুলতেই ‘জয় মা তারা’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সমগ্র চত্বর।
শাস্ত্র মতে, এই বিশেষ তিথিতেই দক্ষিণেশ্বরে শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তাঁর সহধর্মিণী সারদা দেবীকে সাক্ষাৎ জগদম্বারূপে পুজো করেছিলেন। সেই পুণ্যস্মৃতিকে স্মরণ করে আজ তারাপীঠে ভক্তরা নিজেদের জীবনের সমস্ত কুফল ত্যাগ করে সুফল কামনায় দেবীর চরণে প্রার্থনা জানান।
আজ দেবী তারাকে আম, লিচু, জাম সহ হরেক রকমের মরশুমি ঋতুফলে বিশেষভাবে সাজানো হয়েছে। দুপুরে দেবীকে অন্ন, পোলাও, পাঁচ রকম ভাজা, পায়েস ও শোল মাছ পোড়ার সঙ্গে বলির মাংস দিয়ে বিশেষ মহাভাবের ভোগ নিবেদন করা হয়। ভক্তদের সুষ্ঠুভাবে দেবীর দর্শনের জন্য মন্দির কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

