রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:
২০২১ সালের ভোট-পরবর্তী হিংসা, হুমকি ও তোলাবাজির অভিযোগে বারাবনি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু এবং এক সিভিক ভলান্টিয়ার সহ মোট ছ’জনকে গ্রেপ্তার করল পুলিশ। ১৫ মে রাতে বারাবনি থানার পুলিশ এদের গ্রেপ্তার করে। ধৃতদের মধ্যে রয়েছে সিভিক ভলান্টিয়ার দেবাশীষ গোপ, উত্তম মণ্ডল, দীনবন্ধু মাজি, সাজিদ খান ও শিবেন ঘাঁটি।
স্থানীয়দের অভিযোগ, ধৃতরা সকলেই বারাবনি পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি অসিত সিংহের ঘনিষ্ঠ এবং এলাকায় দাপট দেখিয়ে চলত।
বিজেপি যুব মোর্চার জেলা নেতা সুরজ সিং অভিযোগ করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় কয়লার কারবার ও তোলাবাজি চালাচ্ছিল।
এই ঘটনা প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল কড়া হুঁশিয়ারি দিয়ে জানান, “অতীতের সব অত্যাচারের হিসাব এবার নেওয়া হবে। যারা বিজেপি সমর্থকদের ঘরছাড়া ও সামাজিক বয়কট করেছে, তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।” এই গণ-গ্রেপ্তারির ঘটনায় বারাবনি জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

