গোপা মল্লিক (কলকাতা)

কেঁদে কেঁদে মেয়েটার হয়েছে মাছের চোখ
মুখটা ফ্যাকাশে চলছে কিসের একটা শোক
খোঁজ নিয়ে জানলাম ওর নাম জ্যোৎস্না
রাতদিন কেঁদে চলে করে শুধু কান্না।
কে মেরেছে কে ধরেছে কে বকেছে তাঁকে
জেনে নিলাম গোপন ব্যথা সব কথার ফাঁকে
সাত বছর বিয়ে হয়েছে সন্তান নেই কোলে
আত্মীয় স্বজন প্রতিবেশী পায়ে পিষে ডলে।
যেখানে যায় মেয়ে কান ঝালাপালা করে
একটাও হলো না ছেলে যন্ত্রনায় মাথা খুঁড়ে মরে
নিজেকে আড়াল করে মেয়ে ঘরে দোর দেয়
অপমানে লজ্জায় নিজেকে বন্দি করে নেয়।
শাশুড়ি দেখায় ভয় ছেলের বিয়ে দেবে বলে
বাজা বউ রাখব না ঘরে যাও বাপের বাড়ি চলে
স্বামী দেখায় লুকিয়ে বউকে অনেক ডাক্তার
ডাক্তার কোনো ত্রুটি পায় নাকো মেয়েটার!
অবশেষে ছেলেটার মধ্যেই ত্রুটি ধরা পরে
শাশুড়ি বলে এ কথা যেন কেউ জানতে না পারে
সাত খুন মাফ হলো এটা যে পেটের ছেলে!
এবার বলো তো শাশুমা বৌমার পাত্র দেখি তাহলে???
