শোষণ ও বঞ্চনার প্রতিবাদে উত্তপ্ত সালানপুর: স্টিল কারখানায় শ্রমিকদের বিক্ষোভ

শোষণ ও বঞ্চনার প্রতিবাদে উত্তপ্ত সালানপুর: স্টিল কারখানায় শ্রমিকদের বিক্ষোভ

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

      দীর্ঘদিনের বঞ্চনা ও শোষণের প্রতিবাদে উত্তাল হয়ে উঠল সালানপুর ব্লকের দেন্দুয়া কল্যাণেশ্বরী এলাকার ‘এলকুয়েন্ট স্টিল প্রাইভেট লিমিটেড’ কারখানা। নূন্যতম বেতন ও কাজের নির্দিষ্ট সময়সীমা না মেনে অতিরিক্ত পরিশ্রম করানোর প্রতিবাদে আজ সকাল থেকে কারখানার মূল রাস্তার সামনে জোরদার বিক্ষোভে শামিল হলেন শ্রমিকরা। এই আন্দোলনের জেরে কারখানার স্বাভাবিক উৎপাদন প্রক্রিয়া সম্পূর্ণ ব্যাহত হয়েছে।

     ​আন্দোলনকারী শ্রমিকদের অভিযোগ, নিয়ম ভেঙে ১২ ঘণ্টা কাজ করানো হলেও তাদের উপযুক্ত পারিশ্রমিক দেওয়া হয় না। এছাড়া কারখানার ভেতরে স্বাস্থ্য ও নিরাপত্তার কোনো সুষ্ঠু পরিকাঠামো নেই। শ্রমিক নেতা অমর মাহাতো জানান, এক সপ্তাহ আগে গঙ্গা জল হাতে নিয়ে তারা বিক্ষোভ দেখালে কর্তৃপক্ষ ৭ দিনের সময় চেয়েছিল, কিন্তু কোনো সদর্থক পদক্ষেপ না নেওয়ায় আজ ফের রাস্তায় নামতে বাধ্য হয়েছেন তারা। নির্বাচনের পর নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে শ্রমিকরা তাঁদের ন্যায্য অধিকার আদায়ে বদ্ধপরিকর।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে সালানপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে অচলাবস্থা কাটাতে কারখানা কর্তৃপক্ষ আন্দোলনকারীদের ১০ জনের একটি প্রতিনিধি দলকে আলোচনার জন্য ভেতরে ডেকে পাঠায়। তবে বৈঠক চলাকালীন সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ায় কিছুটা ক্ষোভের সৃষ্টি হয়। অবিলম্বে দাবি মানা না হলে আন্দোলন বৃহত্তর আকার ধারণ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা। প্রশাসনের ভূমিকা এখন সব মহলের নজরে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *