হস্তশিল্প মেলায় বিধ্বংসী আগুন, পুড়ে ছাই হয়ে গেল একাধিক স্টল

সংবাদদাতা, আসানসোল, ফাইনাল এক্সপোজার -: গত ১ মার্চ থেকে রাজ্য সরকারের উদ্যোগে আসানসোলের পোলো গ্রাউন্ডে চলছে হস্তশিল্প মেলা। অসতর্কতা জনিত কারণে ৫ ই মার্চ দুপুর নাগাদ আগুন লেগে যায় মেলায়। সরকারি মেলা হলেও সেইসময় মেলা প্রাঙ্গনে ছিলনা কোনো অগ্নিনির্বাপক গাড়ি। অন্যদিকে সেই সময়ই প্রবাহিত হচ্ছিল দমকা হাওয়া। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে একাধিক স্টল পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে দুপুর দেড়টা নাগাদ একটি খাবারের স্টল থেকে এই আগুনের সূত্রপাত হয়। অনুমান করা হয় সবমিলিয়ে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। মেলার স্টল মালিকদের অভিযোগ, সরকারি উদ্যোগে এত বড় একটা মেলার আয়োজন করা হলেও সেখানে দমকলের কোনো ইঞ্জিন ছিলনা। এমনকি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা এসে পৌঁছায়নি, দেরিতে আসে। প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর জন্য তৎপর হয়। পরে দমকলের দুটি ইঞ্জিন আসে এবং প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। মেলা চত্বরে যে দমকলের কোনো স্ট্যান্ডবাই ইঞ্জিন ছিলনা তা মেনে নিয়েছেন পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের ওসি ( ইন্ডাস্ট্রি) দীক্ষা শেরপা সহ আসানসোল ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেবায়ন পোদ্দার ও আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস চট্টোপাধ্যায়। ঘটনার খবর পেয়ে প্রশাসন ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা মেলা চত্বরে ছুটে আসেন। ওসি ( ইন্ডাস্ট্রি) জানিয়েছেন কীভাবে এই আগুন লাগল ও কেন দমকলের ইঞ্জিন মেলা চত্বরে ছিলনা সেটা তদন্ত করে দেখা হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যাচ্ছে আসানসোল হস্তশিল্প মেলার অগ্নিকাণ্ড পরিদর্শনে আসেন বিধায়ক ও জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি ক্ষতিগ্রস্ত স্টল মালিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *