সোমা নায়ক (কলকাতা)

আচ্ছা শোনো…
যে কথাটা বলা হয়নি তোমাকে
অথচ বলবো বলবো করে
কেটে গেল সহস্র যুগ, কয়েকশ’ বছর,
বয়ে গেল অগুন্তি ঢেউ, বানভাসি হৃদয়, পার্শ্ববর্তী উপকূল।
পেরিয়ে এলাম হাজারটা চড়াই উৎরাই, অক্লেশে, একসাথে।
চোখে চোখ রেখে হেঁটে গেলাম অনন্ত পথ
হাতে হাত রেখে ভুলে গেলাম সময়ের জোয়ার ভাটা।
রাত ফুরোল, দিন গড়াল
কত পর আপন হলো হেসে
কত আপন ভুললো ফেরার পথ।
পাতা ঝরার মরসুমে নতুন স্বপ্ন দেখলাম।
স্বপ্নের গায়ে অদৃশ্য দুটো ডানা লাগালাম।
ভেসে বেড়ালাম দিগন্ত থেকে দিগন্তে
কাঁদলাম, হাসলাম। অপেক্ষা সাজালাম রোজ।
নতুনকে স্বাগত জানালাম
পুরনোকে বিদায় জানাতে গিয়ে স্মৃতি রোমন্থন করলাম।
কত বিষাদ জমলো মনে। আনন্দের অশ্রু ভেজাল চোখ।
দীর্ঘশ্বাসে নির্ভার হলো বুক, আফসোসে থমকে গেল জীবন
প্রাপ্তির ঢেউ দুলিয়ে দিল মন, অপ্রাপ্তির আঁচড় ক্ষতবিক্ষত করলো রোজ।
হৃদয় বললো, এভাবেই যায় যদি দিন যাক না।
এভাবেই জীবন কাটলে কাটুক। শুধু সঙ্গে থেকো তুমি।
ব্যাস।
ও হ্যাঁ,
যে কথাটা বলবো বলে হয়নি বলা আজও…
ভালোবাসি।
ভালোবাসি তোমাকে — ভীষণ ভীষণ ভালোবাসি।