আউসগ্রামে দলীয় প্রার্থীর সমর্থনে তৃণমূলের অভিনব প্রচার 

আউসগ্রামে দলীয় প্রার্থীর সমর্থনে তৃণমূলের অভিনব প্রচার 

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, আউসগ্রাম-:

            আউসগ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্যামাপ্রসন্ন লোহারের সমর্থনে শুক্রবার এক বর্ণাঢ্য ও অভিনব প্রচার কর্মসূচি পালন করল শাসক দল। আউসগ্রাম-২ নং ব্লকের অমরপুর অঞ্চলের গেঁরাই গ্রামে এই প্রচার মিছিলটি আয়োজিত হয়।

        ​এদিনের প্রচারের মূল আকর্ষণ ছিল গরুর গাড়ি। আধুনিক প্রচার মাধ্যমের যুগে গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যকে সঙ্গী করে গরুর গাড়িতে চড়ে জনসংযোগ সারেন প্রার্থী শ্যামাপ্রসন্ন লোহার। তার সঙ্গে উপস্থিত ছিলেন বর্ধমান-পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ ডা. শর্মিলা সরকার। এছাড়াও মিছিলে পা মেলান জেলা তৃণমূল নেতা সুভাষ মণ্ডল, আউসগ্রাম-২ নং ব্লক তৃণমূল সভাপতি সেখ লালন সহ অঞ্চলের কয়েক হাজার কর্মী-সমর্থক।

          ​সাংসদ শর্মিলা সরকার বলেন, “আমরা মা-মাটি-মানুষের দল। তাই মাটির কাছাকাছি থেকেই সাধারণ মানুষের আশীর্বাদ ভিক্ষা করছি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর উন্নয়নমূলক কাজই আমাদের জয়ের হাতিয়ার।” প্রার্থী শ্যামাপ্রসন্ন লোহার গ্রামের প্রতিটি মোড়ে গিয়ে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনেন এবং জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানান।

        গেঁরাই গ্রামজুড়ে এই প্রচার ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। তৃণমূলের পতাকায় সজ্জিত এই বর্ণাঢ্য মিছিলটি আউসগ্রামে তৃণমূলের সংগঠনকে আরও মজবুত করবে বলে মনে করছে রাজনৈতিক মহল। গ্রামীণ আউসগ্রামের এই ‘ভিন্ন’ প্রচার কৌশল সাধারণ মানুষের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *