এসআইআর : পশ্চিম বর্ধমানে শুনানিতে ডাক পেতে চলেছেন দেড় লক্ষ ভোটার

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল -: 

        পূর্ব ঘোষণা মত নির্দিষ্ট দিনে রাজ্যের অন্যান্য জেলার মত পশ্চিম বর্ধমান জেলায়  খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়। পরে পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, অতিরিক্ত জেলাশাসক শুভাষীনি ই, এসডিও   (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য সহ প্রশাসনের অন্যান্য  আধিকারিক এবং নির্বাচন কমিশন স্বীকৃত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে জেলাশাসকের কার্যালয়ে একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

       বৈঠকে জেলাশাসক বলেন, এই জেলায় এখনো পর্যন্ত ২৩ লক্ষ ২৭ হাজারেরও বেশি ভোটারের মধ্যে ৩ লক্ষ ৬ হাজারের মতো ভোটার বাদ পড়েছেন। এই ভোটারদের মধ্যে মৃত, স্থানান্তরিত হয়েছেন, অনুপস্থিত ও ডুপ্লিকেট ভোটার আছেন। প্রায় দেড় লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হবে। এসআইআরের দ্বিতীয় পর্যায়ে এই শুনানি প্রক্রিয়া হবে। যদিও এই বিষয়ে এখনও কোনও স্পষ্ট নির্দেশিকা পাওয়া যায়নি। তবে ইআরও বা এইআরও স্তরে শুনানি হবে। তবে শুনানির আগে আরও একটি সর্বদলীয় বৈঠক ডাকা হবে এবং তারপরেই শুনানির জন্য  চূড়ান্ত রূপরেখা চূড়ান্ত করা হবে।  যাদের নাম খসড়া ভোটার তালিকা থেকে  বাদ তারা আগামী ১৫ ই জানুয়ারী পর্যন্ত তাদের অভিযোগ জমা দিতে পারবেন। ৭ ফেব্রুয়ারী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তিনি আরও বলেন, খসড়া তালিকা জেলার ওয়েবসাইটে দেওয়া হয়েছে। যে কোন ভোটার তাদের ভোটার আইডি কার্ড নম্বর এবং বিধানসভা নির্বাচনী এলাকার নাম লিখে তাদের নাম দেখতে পারবেন।

       সর্বদলীয় বৈঠকের পরে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, এখনও পর্যন্ত এসআইআর প্রক্রিয়ায় আমরা সন্তুষ্ট। তবে কিছু বিষয়ে সন্দেহ ও বিভ্রান্তির সৃষ্টি  হওয়ায় আমরা বৈঠকে সেগুলি   জেলাশাসকের কাছে তুলে ধরেছিলাম। তিনি বলেছেন যে নির্বাচন কমিশনের সাথে আলোচনা করে বিষয়গুলি সমাধান করা হবে।

         অন্যদিকে বিজেপির পক্ষ থেকে বলা হয়, রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস এর বিরোধিতা করে আসছে। তারা এই প্রক্রিয়া সঙ্গে   রাজ্য সরকারি কর্মচারীদের ভূয়সী প্রশংসা করেছেন। চূড়ান্ত তালিকা প্রকাশ পর তারা এই বিষয়ে  মন্তব্য করতে অস্বীকার করেন। 

       তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সাধারণ সম্পাদক আকাশ মুখোপাধ্যায় বলেন, জেলাশাসক এদিনের সর্বদলীয় বৈঠকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবহিত করেছেন। তিনি আরও বলেন, দলের পক্ষ থেকে স্পষ্টভাবে জেলাশাসককে জানিয়ে দেওয়া হয়েছে যে ভোটার তালিকা থেকে কোনও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া চলবেনা ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *