নেতাদের পাঁচালী

সোমা মৌ ঘোষ (কলকাতা)

শুনো শুনো শুনো সবে, শুনো দিয়া মন
বঙ্গের অলীক কিছুকথা করিব বর্ণন।

বঙ্গে ছিল পেটমোটা যত নেতাগন
তাদের গুণের কথা করিব কীর্তন।

হঠাৎই যোগবলে তাদের ভাগ্য যায় খুলে
গাড়ি বাড়ি সোনাদানা ওঠে ফেঁপেফুলে।

রমরম গমগম চলন বলন
ধরা কে সরা জ্ঞান , ভাবে পেয়েছি লক্ষ্মীর দরশন।

পাটক্ষেত ধানক্ষেত কিছুই বাদ নাহি যায়
আগানে বাগানে গুপ্তধনের সন্ধান পাওয়া যায়।

বস্তা থেকে রঙের বালতি সবেতেই টঙ্কা
কে ছোট কে বড় চোর রয়েছে আশঙ্কা!

এখানেই শেষ নয় , সুরঙ্গও মিলেছে
রঙ বাহারি গৃহসজ্জা দেখে পুলিশের মাথা ঘুরেছে।

শিক্ষা স্বাস্থ্য চাকরি সবেতেই ছিল কুনজর
চ্যানেলে চ্যানেলে আজ চোর আর চুরি ছাড়া নেই কোনো খবর।

যেথায় নুন আনতে পান্তা ফুরায় ঘরে ঘরে
সেথায় নেতাদের অর্থের দম্ভে মাটিতে পা নাহি পড়ে।

সর্বকাল কাহারও সমান নাহি যায়
জনতার রায়ে সর্বহারা’রা করে হায় হায়।

দুয়ারে দুয়ারে পুলিশ দিচ্ছে বিশেষ পরিষেবা
নিত্য নতুন চোরের খবর আসে রাত থেকে দিবা।

চোর চোর চোর বলে করছে তাড়া
জনতার দরবারে চৌর্যবৃত্তিরা হয়েছে সর্বহারা।

কোমড়েতে দড়ি বাঁধা মাথায় পড়ছে পচাডিম ও টমেটো
অনেক হয়েছে লুট..এবার তিহার জেলে ছোটো।

লোভে পাপ পাপে মৃত্যু জানিত সকলে
জেনে রেখো কর্ম ফল যায়না বিফলে।

এখানেই করি শেষ নেতাদের পাঁচালী
কেউ যেন বাদ না যায় দেখিস মা কালী।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )