নেপথ্যে ক্রিয়েটর

সঙ্গীতা কর (কলকাতা)

উহু এভাবে হচ্ছে না
ডান দিকের শাড়ির অংশটা একটু নিচে নামাতে হবে
হ্যাঁ হ্যাঁ, বুকটা যেন কিছুটা হলেও দেখা যায়

এটা খুবই দরকার

উফ্ , এইজন্যই তো পেমেন্ট পাচ্ছি না
ভিউজ আনতে হবে
লোকে তো রান্না দেখার জন্য ভিডিও দেখবে না

আমি মনিকা রায়, আমার কলম ধরা, খুন্তি ধরা হাতটা
সংকোচে কাঁপতে কাঁপতে নামিয়ে দিল শাড়ির কিছুটা অংশ,
বিগত পোস্টের কমেন্টে এটাই অনুরোধ ছিলো সব থেকে বেশি
আমার কাছে আছে শ্যামলা বর্ণের একটা শরীর
আর নরম বুকে লুকানো সংবেদনশীল মন
অথচ সবাই উপরের অংশটা দেখতে চাইলো
আমার মদ্যপ স্বামী ও দেখেছিলো
বিয়ের পর নিজের ইচ্ছায় কামড়ে, ছিঁড়ে ক্ষতবিক্ষত করে,
একদিন গর্ভে বীজ বপন করে পাড়ি দিয়েছেন নতুনের সন্ধানে
তার দিয়ে যাওয়া শূন্যতার চারপাশে গজিয়ে উঠেছে রাশি রাশি চাহিদা
খোকার খাবার চাই, চিকিৎসা চাই, জীবনধারণ চাই,
পন্থা খুঁজে পেয়েছি একটা
শরীর থেকে শাড়ি নামিয়ে রান্নার ভিডিও করেছি,
টাকা ধার করেছি
ক্যামেরা অফ করে আয়নার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলেছি আমি মৃত, আমি মৃত!
সৎকার হয়েছে সম্মানের
পুড়ে ছাই হয়েছে মন
কিন্তু কি আশ্চর্য! এসবের মধ্যেও চোখ দুটো জ্বলছে
সেখানে ভেসে উঠছে, ভেসে উঠছে স্বপ্নের পাহাড়
এই পোষ্ট থেকে আসবে তো রুগ্ন খোকার উঠে দাঁড়ানোর হুইল চেয়ার?

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )