পরীক্ষাকেন্দ্রে অসুস্থ হয়ে পড়লেন পরীক্ষার্থী

সুজিত বর্মণ, গুসকরা, পূর্ব বর্ধমান -:

           উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই পরীক্ষাকেন্দ্রে অসুস্থ হয়ে পড়লেন পরীক্ষার্থী আউশগ্রামের সোমাইপুর গ্রামের বাসিন্দা রথীন মালিক। সে আউশগ্রাম উচ্চ বিদ্যালয়ের ছাত্র এবং তার পরীক্ষাকেন্দ্র ছিল গুসকরা পি পি ইনস্টিটিউশন। পরিবার সূত্রে জানা যাচ্ছে, আগের দিন রাত থেকেই তার পেটে তীব্র যন্ত্রণা হচ্ছিল। ওষুধ খাওয়ানোর পর যন্ত্রণা কমলে তাকে পরীক্ষাকেন্দ্রে নিয়ে আসা হয়।

       পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই আবার তার পেটে অসহ্য যন্ত্রণা শুরু হলে পুলিশের সহায়তায় তাকে দ্রুত গুসকরা উপ-স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তার ইউএসজি করার পরামর্শ দেন।  হাসপাতালে ইউএসজি পরিষেবা না থাকায় তাকে একটি বেসরকারি প্রতিষ্ঠানে নিয়ে যেতে হয়। শেষ পর্যন্ত শারীরিক অবস্থার অবনতির কারণে ওই পরীক্ষার্থী আর পরীক্ষায় বসতে পারেননি।

        এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে গুসকরা নাগরিক সমিতির সম্পাদক সুবীর রাণা বলেন, “গুসকরা হাসপাতালে ইউএসজি পরিষেবা থাকলে ওই পরীক্ষার্থীকে বাইরে নিয়ে যেতে হতো না। প্রয়োজনে হাসপাতালেই বসে পরীক্ষার ব্যবস্থা করা যেত। আমরা দীর্ঘদিন ধরে হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবা উন্নয়নের দাবি জানিয়ে আসছি, কিন্তু পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি।”

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *