প্রবীণদের পাশে ‘ইওর অর্গানাইজেশন’, রূপনারায়ণপুরে অনুষ্ঠিত স্বাস্থ্য শিবির ও সামগ্রী বিতরণ

প্রবীণদের পাশে ‘ইওর অর্গানাইজেশন’, রূপনারায়ণপুরে অনুষ্ঠিত স্বাস্থ্য শিবির ও সামগ্রী বিতরণ

অঙ্কিতা চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

​        প্রবীণ নাগরিকদের মুখে হাসি ফোটাতে ও তাঁদের সুস্থতায় মানবিক উদ্যোগ নিল সামাজিক সংগঠন ‘ইওর অর্গানাইজেশন’। বুধবার রূপনারায়ণপুরের ‘পুনর্বাসন সমিতি’ বৃদ্ধাশ্রমে সংগঠনের পক্ষ থেকে একটি বিশেষ স্বাস্থ্য শিবির ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

      ​এদিন বিশিষ্ট চিকিৎসক ডা. মহাদেব মাজি আশ্রমের ৫৬ জন আবাসিক ও আবাসিকার স্বাস্থ্য পরীক্ষা করেন। বার্ধক্যজনিত নানা রোগের চিকিৎসায় সুপরামর্শ দেওয়ার পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে আবাসিকদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধপত্র দেওয়া হয়। চিকিৎসককে সহযোগিতায় ছিলেন বাসুদেব দত্ত। স্বাস্থ্য পরীক্ষার পর আবাসিকদের হাতে ছাতু, চিঁড়ে, বিস্কুট ও আপেলের মতো পুষ্টিকর শুকনো খাবার তুলে দেওয়া হয়। তবে দিনের শেষে চা চক্রের আসরটি ছিল একাত্মতার এক অনন্য মুহূর্ত।

      ​আশ্রমের বর্তমান সেক্রেটারি মনোজ বাউরী ও কমিটির কর্মকর্তা গোপাল রায়ের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ‘আজকের যোধন’ পত্রিকার সম্পাদক বাসুদেব মন্ডল, কবি প্রদীপ ব্যানার্জী এবং সমাজসেবী পল্লবী হালদার। রঞ্জনা মুন্সি, শম্পা মুখার্জী, সীমা নস্কর, সুতপা দত্ত দাসগুপ্ত এবং দেবজিৎ রায়ের অর্থসাহায্যে সফল হয় এই মানবিক অনুষ্ঠান। 

     রঞ্জনা মুন্সি জানান, প্রবীণদের সান্নিধ্যে তারা আপ্লুত এবং আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে। সংগঠনের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *