মোদী সরকারের ১২ বছর পূর্তি: আসানসোলে সাংবাদিক বৈঠক করে তৃণমূলকে তোপ অগ্নিমিত্রা পালের

মোদী সরকারের ১২ বছর পূর্তি: আসানসোলে সাংবাদিক বৈঠক করে তৃণমূলকে তোপ অগ্নিমিত্রা পালের

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

       ​কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষ্যে দেশজুড়ে বিজেপির বিশেষ কর্মসূচি পালিত হচ্ছে। এরই অঙ্গ হিসেবে রবিবার আসানসোল জেলা বিজেপি কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি ও জিতেন্দ্র তিওয়ারি প্রমুখ।

         ​এদিনের বৈঠকে কেন্দ্রীয় সরকারের ১২ বছরের জনকল্যাণমূলক প্রকল্প ও পরিকাঠামো উন্নয়নের খতিয়ান তুলে ধরেন বিজেপি নেতারা। সেইসঙ্গে রাজ্যের প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতার অভিযোগও জোরালোভাবে উত্থাপন করেন তারা। মন্ত্রী অগ্নিমিত্রা পাল অভিযোগ করেন, কেন্দ্রীয় ‘অমৃত’ প্রকল্প সহ বিভিন্ন জনমুখী প্রকল্পের বরাদ্দ অর্থের যথাযথ সদ্ব্যবহার হয়নি। তার দাবি, পূর্ববর্তী প্রশাসনের অনিয়মের কারণেই উন্নয়নের গতি থমকে আছে।

         ​বেআইনি নির্মাণ এবং আসানসোল পুরনিগমের আর্থিক অনিয়মের বিষয়টিতেও সরব হন মন্ত্রী। তিনি জানান, নিয়মবহির্ভূত নির্মাণকারীদের আইন মেনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং পুরনিগমের দুর্নীতির তদন্তে ক্রমাগত নতুন তথ্য উঠে আসছে। রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে অগ্নিমিত্রা পাল বলেন, তৃণমূল সরকারের পতন যে এত দ্রুত ঘটবে, তা তাদের প্রত্যাশার বাইরে ছিল। শহরকে পরিচ্ছন্ন ও উন্নত করে তুলতে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে তিনি পুনর্ব্যক্ত করেন যে, বিজেপি জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *