রানিগঞ্জে পরিযায়ী শ্রমিক বোঝাই বাসে দুর্ঘটনা, রক্ষা যাত্রীদের

রানিগঞ্জে পরিযায়ী শ্রমিক বোঝাই বাসে দুর্ঘটনা, রক্ষা যাত্রীদের

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

      ভোট দিয়ে কর্মস্থলে ফেরার পথে গভীর রাতে রানিগঞ্জে দুর্ঘটনার কবলে পড়ল পরিযায়ী শ্রমিকবোঝাই একটি যাত্রীবাহী বাস। শুক্রবার রাত ২টো নাগাদ ১৯ নম্বর জাতীয় সড়কের মঙ্গলপুর শিল্প তালুক এলাকায় রানিগঞ্জ স্কোয়ারের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় এক শিশু ও মহিলাসহ মোট চারজন আহত হয়েছেন।

           ​জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার রামগঙ্গা এলাকা থেকে প্রায় ৬০ জন শ্রমিককে নিয়ে বাসটি হরিয়ানার উদ্দেশ্যে  যাচ্ছিল। রানিগঞ্জ স্কোয়ারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার ধারের ব্যানার, পোস্টার ও বিদ্যুতের খুঁটি ভেঙে ভেতরে ঢুকে পড়ে। দুর্ঘটনার সময় বাসের ভেতর আগুন লাগার আতঙ্কে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। এতে একই পরিবারের স্বামী-স্ত্রী ও তাদের সন্তান এবং বাসের খালাসি আহত হন।

        ​খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রানিগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ ও ট্রাফিক আধিকারিকরা। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। স্থানীয়দের মতে,​”গভীর রাত হওয়ায় এলাকাটি জনশূন্য ছিল, নাহলে বড়সড় প্রাণহানির আশঙ্কা ছিল।”

       পুলিশ ঘাতক বাসটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে। বাসের চালককে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, চালকের অন্যমনস্কতার কারণেই এই বিপত্তি। আটকে পড়া যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প বাসের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছে রানিগঞ্জ থানার পুলিশ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *