দুর্গাপুরে তৃণমূল সুপ্রিমোর পদযাত্রা পরিণত হলো জনসমুদ্রে

দুর্গাপুরে তৃণমূল সুপ্রিমোর পদযাত্রা পরিণত হলো জনসমুদ্রে

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

​           নির্বাচনী আবহে শিল্পাঞ্চল দুর্গাপুরে প্রায় তিন কিমি. ব্যাপী এক বিশাল পদযাত্রা করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জ্জী। শুক্রবার বিকেলে দুর্গাপুরের প্রান্তিকা পাঁচমাথা মোড় থেকে শুরু হয়ে এই পদযাত্রাটি শেষ হয় ভিরিঙ্গি মোড়ে। নেত্রীকে একঝলক দেখতে কার্যত জনসমুদ্রে পরিণত হয় গোটা এলাকা। নেত্রী পৌঁছানো মাত্রই শঙ্খধ্বনি ও ‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে শিল্পাঞ্চল। বরাবরের মতো পায়ে হেঁটেই সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ সারেন তিনি। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা মানুষজনের দিকে হাত নেড়ে অভিবাদন জানান এবং শিশুদের আদর করতেও দেখা যায় তাকে।

        ​পদযাত্রার শুরু থেকেই স্থানীয় আদিবাসী নৃত্যশিল্পী এবং ধামসা-মাদলের তালে উৎসবের মেজাজ তৈরি হয়। তৃণমূলের কর্মী-সমর্থকদের হাতে ছিল দলীয় পতাকা এবং উন্নয়নের খতিয়ান সম্বলিত প্ল্যাকার্ড। মিছিল চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তার ধারের ছোট দোকানদার ও সাধারণ পথচারীদের সঙ্গে কথা বলেন। এই পদযাত্রায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা মূলত রাজ্য সরকারের নারী-কেন্দ্রিক প্রকল্পগুলোর জনপ্রিয়তারই প্রতিফলন বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিন পদযাত্রায় দলনেত্রীর পাশে দেখা যায় পশ্চিম বর্ধমান জেলার তিন হেভিওয়েট প্রার্থী  প্রদীপ মজুমদার,  কবি দত্ত এবং জেলা সভাপতি তথা পান্ডবেশ্বরের প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীকে।

      রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে দুর্গাপুরের এই পদযাত্রা শিল্পাঞ্চলের দলীয় কর্মীদের মধ্যে নতুন করে প্রাণসঞ্চার করল।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *