কবিতা ✍ Final Exposer

অন্ধকার

অন্ধকার

সোমা নায়ক (যাদবপুর, কলকাতা)

আজও যদি ধর্ম পোড়ায় মন
আজও যদি ধর্মই শেষ কথা
কি লাভ হলো চাঁদ মঙ্গল আলোর
এসবের তবে কিসের সার্থকতা?

জ্বলছে আগুন, স্বপ্ন পুড়ছে রোজ
দাউদাউ ওই প্রতিটি ঘরের কোনে
কেউ মরছে, ঝলসে যাচ্ছে কেউ
কেউ ভাবছে, জন্মেছি কুক্ষণে।

এই তো সবে দুধের শিশুর চোখে
যত্নে দিয়েছি আলোর ঠিকানা এঁকে
রাতের চেয়েও গভীর অন্ধকারে
মুছে গেল দিন, শিরদাঁড়া গেল বেঁকে।

এই তো সবে মঙ্গল ঘট ঘরে
সাজিয়ে রেখেছে স্বপ্নালু চার-চোখ
ধর্ম নামের অন্ধ শিকল এসে
জীবন দলিলে লিখে দিল শুধু শোক!

এভাবেই তবে শেষ হবে সব আশা
স্তব্ধ হবে- অগ্রগতির চাকা
আধুনিকতার বড়াই করতে গিয়ে
বুঝবো কবে, আসলে ভেতর ফাঁকা!

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার