কবিতা ✍ Final Exposer

একটা নদীর নাম

একটা নদীর নাম

পূজা দাস বোস (কলকাতা)

শূন্যতা আসলে একটা পূর্ণ নদীর নাম
এখানে নারী পুরুষের আলাদা কোনো হাড়ের সমাধিস্থ নেই,
যা আছে তা পাহাড় আর বনানীর গল্প
জল মাটির মিশ্রণে তৈরি একটা ভেজা হৃদয়।

আজ যে ঘর ছেড়ে বিবাগী হল,
একদিন ভেজা বকের শালুক বিলে শ্রাবণের মেঘভাঙা বৃষ্টিতে স্নান করেছিল।
তার নাম নদী …
ঘাসফুলের পথ বৃহৎ গাছের বন ভাসিয়ে ছিল ঢেউয়ে,
তিরতির করে বয়ে যায় নদীটি।

তারপর …
নদী যখন শুকিয়ে যায় কালের ছায়ায় ,
আর সে নারী নয় পুরুষও-না
তার নাম প্রেম … একটা নতুন দেশ …
যেখানে ঘুম নেই ..খিদে নেই ..কোনো জন্ম নেই ..
সব মাটির রঙ এক।

এই তরঙ্গহীন চলাই বারবার ফিরিয়ে দেয় মানুষের দেহ,
দীর্ঘ রোদের দুপুর যুগের পর যুগ বহন ক‍রে তোমার আমার স্মৃতি ‌…
ঋতুর মত ফিরে আসি আমরা শিশির ভেজা ঘাসে …
ফুলের গন্ধে আলো আর অন্ধকারের মাঝখানে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার