কবিতা ✍ Final Exposer

সে ছিল প্রিয়জন

সে ছিল প্রিয়জন

চৈতী চ‍্যাটার্জী (কলকাতা)

ভালো আছো এই বিশ্বাসে
হাসি দিয়ে লুকিয়েছি শত অভিমান,
অভিনয়ে সেরা আমি তাই
বিনা অভিযোগে থামিয়েছি জীবনের গান।

অবহেলা আর গ্লানির ক্লেদে
প্রিয়জনই হয়ে যায় পর,
যত্ন করে আগলে পলি
প্লাবন শেষে একলা নদীর চর।

প্রস্থান তার নিশ্চিত ছিল
তবুও তাকে আঁকড়ে রাখার চেষ্টা,
নোনতা চোখেতে শ্রাবণের সাথে
আমি দাঁড়িয়ে দেখেছি শেষ-টা।

রঙধনু রঙে বেখেয়ালে আঁকা
অশ্রু মোছার প্রিয় খেলা,
খেয়ালের বশে ছেড়ে গেলে আজ
আবছায়া তাই গোধূলি বিকেলবেলা।

সবটা জেনেও জ্বরের রাতে হওনি তুমি
আরাম দেওয়া প‍্যারাসিটামল,
বৃথাই তোমাকে ছুঁতে স্বপ্নের সোহাগেতে
আমি অকারণেই হয়েছি চঞ্চল।

মনের ক্ষতের প্রলেপ হতে
ভুল মানুষই কাছে আসে,
আবার ভীষণ একলা হয়
কাউকে উজাড় করে ভালোবেসে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার