কবিতা ✍ Final Exposer

চুপি চুপি বেরিয়ে এসো

চুপি চুপি বেরিয়ে এসো

টুম্পা পাল (হিন্দমোটর, হুগলী)

বৃষ্টি যখন মন জুড়ে
আপন কারো হাত ধরে,
নির্জনে আজ ভিজতে ইচ্ছে হয়।
তখন সকল কাজকে ফেলে,
আমার সাথে পা মেলালে,
ভেবে দেখো, তবে কেমন হয়?

ওই যে ওই গাছের শাখা,
বৃষ্টির যেই পেয়েছে দেখা,
আপন মনে দোলায় মাথা কেমন?
ফুলগুলো সব কাঁপা কাঁপা,
লাজুক লাজুক,চাপা চাপা,
সোহাগ পেলে তুমিও ঠিক তেমন।

বৃষ্টি কাঁধে বাতাস এলো,
একই রকম, যেমন ছিলো
খামখেয়ালী, বাউন্ডুলে, ঘরছাড়া।
রোদে পোড়া, বৃষ্টি ভেজা,
যেন কোন রাজার রাজা
ছুটে চলেছে এই পাড়া, ওই পাড়া।

জলের বুকে জলের নাচন,
পাতায় পাতায় কথোপকথন,
ঘাসগুলি আজ বৃষ্টি নেশায় চুর,
নালার জলে জোয়ার আসে,
শুকনো পাতার পানশি ভেসে,
দুলকি চালে চলছে বহুদূর।

যখন গাছে ঝর্ণা নামে,
তখন তোমার মনের খামে,
লুকিয়ে রাখা চিঠিটা খুলে দেখো।
চুপি চুপি বেরিয়ে এসো,
আমার সাথে তুমিও হাসো,
হিসেব-নিকেশ না হয় দূরে রাখো।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার