কবিতা ✍ Final Exposer

কথা ছিল

কথা ছিল

নার্গিস পারভীন (বাজেপ্রতাপপুর, পূর্ব বর্ধমান)

কথা ছিল– একসাথে বাঁচবো,
ভালোবাসার জহরতে মুড়ে আদ্যোপান্ত,
মাথায় পরাবো স্বীকৃতির তাজ মুকুট;
ছুঁয়ে যাবে সাতরঙা রামধনু রং
আমার অহমিকার মোনালিসায়,
তোমার প্রেমের পরশে
পারিজাত মনে;

অথচ প্রত্যাখ্যানের উর্বরতায় আমি
বেড়ে ওঠা লকলকে আগাছা মতো!
বিরহের যূপকাষ্ঠে ভালোবাসার অর্ঘ্য দিতে দিতে
কেটে গেছে আমার নারী বেলা!

কথা ছিল যাব না দূরে,
ভালোবাসার কুটির জুড়ে তুমি আমি
হিরে জহরতে মোড়ানো প্রেম ডোরে;
কথা ছিল,
রাত আসবে দিন পেরিয়ে
দিন আসবে চাঁদ ঘুমালে,
রাত পেরিয়ে জন্ম নেবে
মৃত্যু ছেঁড়া নতুন সকাল,
ভীষণ আলোর প্লাবন ধারায়
প্রেমের বাসর উঠবে সেজে,
হাস্নেহেনা বেলীর মাঝে
উঠানজুড়ে চাঁদনী রাতে ভাসবো সুখে মন ফাগুনে!

শেষ দিনেও এমনি থেকে প্রেম কুড়াবো
দুহাত ভরে,
বয়সটাকে তুড়ি মেরে
ফেলবো পিছে মনের সাজে রং বুলিয়ে
গাছের রঙে ফুলের রঙে;
এমনি করে হাজার বছর
পেরিয়ে যাবে আপন মনে;
তুমি আমি একই রবো
যেমন ছিলাম সেই দিনেতে,
প্রেমের আবার বয়স আছে?
প্রেম তো বাঁচে মনের মাঝে,
লতার মতো লকলকিয়ে
বাড়বে সে তো দিনে দিনে,
হাসির বাঁশি বাজবে সুরে
মনের আশে মনের শ্বাসে,
খুনসুটি আর ঝগড়া মাঝেই
লাগাম ছাড়া প্রেমও আসে!

আমরাও না হয় তেমনি করে
কাটাবো প্রহর প্রেমাকাশে,
প্রেমালাপে অনন্তকাল,,,,,

কিন্তু তোমার প্রত্যাখ্যানে
স্বপ্ন ভাঙ্গা তাসের ঘরে
নীরব আমি একলা বসে–
বদলে যাওয়া তোমায় দেখি!!

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার