কবিতা ✍ Final Exposer

এখন আঁধারে

এখন আঁধারে

রাকা ভট্টাচার্য্য (কলকাতা)

এমন অন্ধকারে আমি বহুদিন হাঁটিনি,
এমন নামহীন লক্ষ্যহীন চলা বহুদিন চলিনি
চারপাশের পরিচিত ছবি প্রিয় মুখ সবাই দমবন্ধ হাসছে
আমি নিঃশ্বাস কুড়িয়ে একত্রে জড় করছি অনেক অনেক বিশ্বাস..

তবু কী অসহায়! কেউ সুস্থ হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে না..
আত্মীয়রা থাবা মেরে ভেঙে দেয় আমার সাধনার ঘট, ভরা গঙ্গা জল কলসীকে ভাসিয়ে দেয় আবার গঙ্গায়…
সব সম্পর্কের ভাসান দেখতে দেখতে আমি কাঙাল ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে ভুল করে ভুলে গেছি…

এমন জীবন্ত মৃত্যু দেখতে দেখতে
আমি মিষ্টি মুখে ভাসান যাচ্ছি
প্রতিটাদিন প্রতিমার মত জ্বলে উঠছি আর ভাসান যাচ্ছি..
দেখো, কী ভীষণ আলো হচ্ছি আর ভাসান যাচ্ছি…

মায়া জলে ঢেউ ওঠা আলোকিত অর্বাচীন জন্মলগ্ন
প্রতিশ্রুতি আমাদের চুপিচুপি চুপচাপ আঁধার
বুনে দেয় ভিতর ঘরে জলের গভীরে..
একেই আমরা বিজয়ের ভাসান বলি…

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার