কবিতা ✍ Final Exposer

বেনামী সম্পর্ক

বেনামী সম্পর্ক

চৈতী চ‍্যাটার্জী (কলকাতা)

আমি মেঘলা আকাশ লিখি
তুমি ছুঁয়ে দিলে তারা সুখের কবিতা,
আমি বাগানবিলাসে আলপনা আঁকি
তোমার সোহাগে তারা লাজুক বৃষ্টিস্নাতা।

হাওয়া বুঝি চুল ওড়ানোর অছিলায়
সুযোগ খোঁজে বাহুডোরে জড়াবার,
মোমের মতো মেঘ গলে যায় তাই
বৃষ্টিফোঁটাও পায় ঠোঁট ছোঁয়ার অধিকার।

কখনও ব‍্যথাদের চিৎকার পরিত্রাহি
আবার কখনও সোহাগ তোমার চায়ের কাপে,
আমার মুখ জুড়ে গোধূলির আলো
তোমার ভালোবাসা ভেজা চোখের উত্তাপে।

কোথাও আবেগ ডানা মেলে খুব
কখনও আমার চোখ অকারণে অভিমানি,
আড়ি-ভাব আর খুনসুটি মিলেমিশে
কিছু সম্পর্কের কোনো নাম থাকে না জানি।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার