কবিতা ✍ Final Exposer

নাকছাবি

নাকছাবি

শোভনা মিশ্র (পুণে)

তুমি লাল ছাপা শাড়িতে মুখ ঢাকো
আমি চাঁদ খুঁজি ঘোমটার আড়ালে।
মনে পড়ে সেই কবেকার কথা
সেদিনও লজ্জার ঘোমটা ছিল মাথার উপর
আজের মতো একই ভঙ্গিমায়।
মাঝখানে এতগুলো বছর গেল কোথায়?
আমি যখন প্রতিটি আঁধার রাতে
এক ঝলক দেখতে চেয়েছি
কেন ভিড় ঠেলে বাইরে আসলে না?
যেভাবে চাঁদ মেঘ সরিয়ে উঁকি মারে
তুমি নাহয় এক টুকরো আলো আনতে
আমি আশার আলোয় ঘর বাঁধতাম।
পড়ন্ত বেলাতে এসে মনে হয়
ও চাঁদ বুঝি ছিল না আমার
তাই চন্দ্রাতপে গা ধুতে পারি নি।

আজ দমকা হাওয়ায় ঘোমটা গেল উড়ে
জ্বলে উঠল পাথর বসানো সোনার নাকছাবি।
মনে পড়ে সেই প্রথম দিনের কথা
প্রথম উপহার তুলে দেওয়ার ক্ষণ।
আমি আজ সব বুঝতে পেরেছি
চাঁদও আমার তার দাগও আমার ছিল।
কেবল দৃষ্টি ঠিক ছিল না বলে
সেদিন অনুভূতি সাড়া দিতে পারে নি।
তার প্রেমের গভীরতা মাপতে যেয়ে
নিজেই কখন দ্বন্দ্বে হারিয়ে গেছি।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার