কবিতা ✍ Final Exposer

স্বপ্নে আমি দুর্গা সাজি

স্বপ্নে আমি দুর্গা সাজি

অনন্যা হালদার (কলকাতা)

ঘুমের-ঘোরে স্বপ্নে দেখি
পঙ্খিরাজে চড়ে এ-কী
যাচ্ছে রাজার মেয়ে!
হঠাৎ করে অসুর-দলে
কটু কথা বলে বলে
পিছে আসছে ধেয়ে।

সামনে এসে বললো পরে
গলার মাঝে অস্ত্র ধরে
কী আছে বের কর,
আমি তখন গেলাম তেড়ে
আঙুলেতে তুরি মেরে
বলছি বেটা সর।

আরো একটু সামনে এলে
মারব লাথি নিচে ফেলে
করছি হুশিয়ার,
তোদের চুলের মুঠোয় ধরে
মারবো শালা, জবাই করে
থাকবে না-রে ঘাড়!

ঢাল-তলোয়ার হাতে নিয়ে
রাজকন্যাকে অভয় দিয়ে
বলছি ওরে শোন্
অসুর যদি আঘাত করে
যাবে আমার মেজাজ চড়ে
ভয় করিস না বোন।

হাড্ডা-হাড্ডি লড়াই করে
অসুরগুলো ধরে ধরে
মারছি আমি রেগে,
অবশেষে পালিয়ে গেলো
রাজার মেয়ে মুক্ত হলো
সবাই গেল ভেগে।

চতুর্দিকে জয়ধ্বনি!
আমার কত তারিফ শুনি
বললো সবাই এসে,
দুর্গা এবার ফিরছে বাড়ি
পিছনেতে রাজার গাড়ি
আসছে ভালোবেসে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার