কবিতা ✍ Final Exposer

তোমাকে বলছি

তোমাকে বলছি

সোমা নায়ক (কলকাতা)

একদিন হুট করেই তোমার কাছে পৌঁছে যাব।
চোখে চোখ রেখে বলবো, ভালোবাসি। তো?
ভুল করেছি কোনো? অন্যায় হয়ে গেছে আমার?
পাপ করেছি আমি?
শাস্তি দাও তবে।
বলো, কি শাস্তি দেবে তুমি?
কথা বলবে না? এড়িয়ে যাবে আমায়?
না চেনার ভান করে মুখ ফিরিয়ে বসে থাকবে? নাকি এগিয়ে যাবে দূরে?

আচ্ছা, এসবের কোনো কিছুই কি তুমি আগে কখনো করোনি আমার সাথে? কি হয়ে গেছে? বদলেছে কিছু?
না তুমি, না আমার ভালোবাসা সবই তো সেই আগের মতোই আছে।

তাহলে?

এবার অন্তত নতুন কিছু বলো… অন্তত কিছু করে দেখাও …
যাতে আমার অনুভূতি স্তব্ধ হয়, আবেগ টালমাটাল হয়, নিরাসক্তি আসে মনে। ভালোবাসার ভাবনাগুলো মন থেকে মুছে যায়।
তার বেলা কেন শূন্য পাবে শুনি?

এদিকে তুমি যত্ন করবে, চুপিচুপি খেয়ালও রাখবে আমার, মান ভাঙাবে, স্বপ্ন দেখাবে, উৎসাহিত করবে, আবার ধমক চমক দিয়ে বাধ্য করবে যাতে নিজের ভালো-মন্দের দিকে নজর দিই, হাল না ছাড়ি, হার না মানি কখনো …

তারপর যখন আমার মন গলবে, হৃদয় অবশ হবে, ভালোবাসি ভালোবাসি বলে চঞ্চল হবে জীবন, যাপন, সময়, তখন তুমি আদিখ্যেতা বলে ঠোঁট উল্টে উল্টো পথে পা বাড়াবে, হাঁটা দেবে দূরের দেশে। আজব তো!

শোনো, ঢের হয়েছে বুঝলে? এবার দেখো, একদিন ঠিক রাস্তা খুঁজে তোমার কাছে পৌঁছে যাব। চিৎকার করে বলবো, ভালোবাসি… ভালোবাসি।
তারপর?
তারপরেরটা নাহয় পরেই দেখা যাবে। ওক্কে?
যত্তসব!

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার