কবিতা ✍ Final Exposer

আমার স্বর্গভূমি

আমার স্বর্গভূমি

শুভা রায় (কলকাতা)

এই বাড়ির প্রতি ইঁট,কাঠ,পাথরে
লেগে আছে আমার ছোট্ট আমি,
এই বাড়ি আমার স্বর্গভূমি
আমি জানি, আর জানেন অন্তর্যামী!

এই বাড়িতেই হামাগুড়ি দিতে শেখা
হাঁটতে শেখা বাবার হাতটি ধরে,
এই বাড়িতেই মায়ের আঁচল থেকে
অপার স্নেহ সদাই পড়তো ঝরে!

এই বাড়ির প্রতিটি কোণায় আমার
বেড়ে ওঠার গল্প আছে লেখা,
এই বাড়িতেই দাদুর কোলে বসে
ছোট্ট আমি'র অ আ ক খ শেখা!

এই বাড়িটার আজও আছে মনে
আমার প্রথম স্কুলে যাবার ক্ষণ,
এই বাড়িটা সাক্ষী ছিল একা
যখন বদলে ছিল এক কিশোরী-মন!

বিয়ের পরে বিদায় বেলায়
জানি ভিজেছিল তারও চোখ,
নোনা ধরা দেওয়াল জুড়ে
এঁকে রেখেছিল নীরব শোক!

বাড়িটা আজ একলা ভীষণ
খোঁজে আমায়,আমার বাবা মাকে,
মুহূর্ত যাপন তারই স্মৃতি ঘিরে
কেমনে বলো ভুলি তাকে ?

কতদিন তাকে হয়নি ছোঁয়া
কতদিন পাওয়া হয়নি ঘ্রাণ,
স্মৃতির বোঝা আগলে নিয়ে আজ
বুকভরা তার অনন্ত অভিমান !!

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার