কবিতা ✍ Final Exposer

অব্যক্ত নদী

অব্যক্ত নদী

জয়া ঘোষ (উত্তর চব্বিশ পরগণা)

বুকের গভীরে আমি এক দীর্ঘ নদী গোপন রেখেছি,
যার উৎস কোনো জন্ম নয়,
কোনো নাম নয়,
শুধু বুকের ভেতর থমকে থাকা জল।

তাকে আমি শিখিয়েছি
কিভাবে কাশফুলের গায়ে আঙুল ছুঁয়ে দিতে হয়,
কিভাবে কুঁড়েঘরের পাশে দাঁড়িয়ে থাকা কৃষাণী
আলো ফোটায় মাটির প্রদীপে।
তাকে শিখিয়েছি
নক্ষত্র কিভাবে আলো হয়ে ওঠে
শব্দহীন শীতল রাত কেমন লাগে চাঁদের জোছনায়।

এই নদী কথা বলে না,
তবু সে জানে
কোন বাঁশিটি শুধু একবারই ডাকে “প্রিয়” বলে।
সে জানে কাকে কাঁদতে দিতে হয়,
আর কাকে শুধু নীরবে ভাসিয়ে দিতে।

মৃত্যুর পর, আমি শুধু জলের অভ্যাস হয়ে থাকব,
আর নদী হয়ে যাবে
আমার সমস্ত অব্যক্ত উত্তরাধিকার।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার