কবিতা ✍ Final Exposer

জীবন মৃত্যু

জীবন মৃত্যু

লিপিমিতা তনুশ্রী (কলকাতা)

তোমার কোনো চেতনা নেই জানি
শুধু কালে-অকালে ছিনিয়ে নিতেই জানো
স্বপ্ন দেখছে যে সব নয়নগুলো
সেই নয়নেই চিরনিদ্রা ঢালো,
হঠাৎ করেই আসলে তুমি ধেয়ে
সাঙ্গ করলে নিমেষে সবকিছু
এই কি তোমার ধর্মসুলভ কাজ
নিঠুর খেলায় মত্ত, হে মৃত্যুরাজ!
জীবন কেবল ছোট্ট একটা শ্বাস
নিমেষে সে শ্বাস রুদ্ধ করো তুমি
রশি টানলেই যেতে হবে সব ছাড়ি
পৃথিবী ছেড়ে তারার দেশে পাড়ি
জানি না সেখানে কোন্ সে আসন পাতা
ভালো-মন্দের বিচার কি সেখানেও এক ধাঁধা!
জনম-মরণ চরম সত্য দুটি
মাঝখানে এই ছোট্ট জীবন পথ
সাঁকোর ওপরে কর্ম চলাচল
বিধিলিপি আর অমোঘ মহাকাল।
সুখ-দুঃখের ভেলা ভাসানো তরী
সেই তরীতেই জীবন রত্নরাজি
হঠাৎ করেই ছন্দপতন সেথা
ডুবল তরী চির-বিচ্ছেদ ব্যথা
অশ্রুলোরে আপনজনের হিয়া
ডুকরে কাঁদে মনে পড়া সব কথা
ফিরবে না আর, আঁধার চারিদিক
ফিকে রঙ আর স্মৃতিটুকু অমলিন।।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার