কবিতা ✍ Final Exposer

একটি অশ্বত্থের কথা

একটি অশ্বত্থের কথা

তনুশ্রী সামন্ত (ডেবরা, পশ্চিম মেদিনীপুর)

যখন ভোর হলো তার….
যখন দুটি সবুজ চোখের পাতা মেলে
দেখলো সে পৃথিবীর আলো….
সে আলোর কাছে প্রত্যাশা করেছিলো
নিতান্ত একটা কাঠ গোলাপের গাছ হতে….
ফুল আর সবুজ পাতা নিয়ে
আলোর সাথে একটুকু এক্কা দোক্কা খেলতে খেলতে…
কেটে যাবে ছোট্ট একটা জীবন…!
কিন্তু নিজের অজান্তেই
এক পা,দু পা করে….
হাঁটি হাঁটি পা পা করে…
সে দোতলার ছাদ পেরিয়ে উঠে গেলো
অনেকটা উপরে…!
আকাশে মেললো একটা মজবুত ছাদ!
এখন তার ডালে ডালে কোটরে কোটরে
কত পাখি… সাপ… কাঠবিড়ালির বাসা…
পথক্লান্ত পথিক জিরিয়ে নেয়
তার ছায়ায় আশ্রয়ে বসে!
পথ চলতি মানুষজন তাকে
কী সম্ভ্রমের চোখে যে দ্যাখে!
সে বুঝতে পারে… সে এখন এলেবেলে কেউ নয়,
সে একটা মস্ত অশ্বত্থ!
শুধু তপ্ত দুপুরে সে যখন তার নিজের মাথার ওপর
একটুকু শীতল ছায়া খোঁজে
তখন উষ্ণ দীর্ঘশ্বাস কিভাবে যে বিদীর্ণ করে,
ভারী করে দেয় দুপুরেরও বুক!!
তা শুধু তপ্ত দুপুর জানে!

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার