কবিতা ✍ Final Exposer

সভ্য সমাজ

সভ্য সমাজ

মৌমিতা মৌ (কলকাতা)

কাঠামো ভেঙে গেছে..
এখন আর শব্দ নয়, মাংস পচে গলে খসে
শব্দের হাড়গোড়ও আলাদা হয়ে পড়ে আছে।

বুঝতে পারছো?এখানে মৃত্যু আর
অনভিপ্রেত মর্মান্তিক দূর্ঘটনা নয়,
এটা যেন একটা অপেক্ষা..
রোজকার খবরের গ্রাফ উপরে তোলার গন্ধ।

জঙ্গলে শকুন নেই..
তাই মৃতদেহ পচে যায় ধীরে ধীরে,
সময় নিয়ে,
একটা শোকের মতো।

আর সভ্য সমাজে..
সভ্যতার উঁচু বারান্দায় দাঁড়িয়ে
মানুষেরা শিখে গেছে
শকুনের মতো
কীভাবে মৃতদেহকে ব্যবহার করতে হয়..
লাইকের জন্য,
ক্ষমতার জন্য,
নতুন শিরোনামের জন্য।

নিথর দেহ এখানে আর নিথর থাকে না,
তার চারপাশে উল্লাসের নৃত্য..
অদৃশ্য ঠোঁটে রক্ত লেগে থাকে,
কেউ দেখে না,
কেউ দেখতে চায় না।

জঙ্গলে শোক পালন হয়..
গাছেরা চুপ থাকে,
মাটি নরম হয়।

আর সভ্য সমাজে..
মাটি কংক্রিট,
শোকের জায়গা নেই,
শুধু হিসেব।

একটা ভাগাড়ের প্রয়োজন ছিল..
সত্যি, খুব দরকার ছিল..
যেখানে পচে যাওয়া সত্যগুলো
অন্তত নিজের গন্ধে একটু সত্যি হতো।

কিন্তু আমরা তো ভাগাড় তুলে দিয়ে
নিজেরাই ভাগাড় হয়ে গেছি….।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার