একলার অক্সিজেন
মধুরিমা মুখোপাধ্যায় রায় (কলকাতা)

নৈশব্দও একটা সুন্দর অনুভূতি,
তবে বুঝতে হবে -
তিরতির বাতাস,কুলকুল নদীর জল,
কখনও শনশন বাতাস আবার কখনও
অতল সাগরের গর্জন।
প্রকৃতি মাঝারে যখন আপনি একা,
পাবেন পাশে এরকম অজস্র বন্ধুকে,
প্রকৃতি হয়ে উঠবে আপনার সঙ্গিনী ।
নীরবতাও জীবনে বড্ড -
প্রয়োজনীয়।
সে না থাকলে আপনি তো-
নিজের সাথে নিজে কথা বলতে পারবেন না।
বৃহৎ জগতে ক্ষুদ্র একটুকুরো সময়,
আপনার চাই ই চাই।
নিজেকেও তো নিজের খুঁজতে হয়।
নতুনভাবে আবিষ্কার করতে হয়।
স্তব্ধ অন্ধকার রাতে-
ঝিঁঝি পোকার ডাক।
বর্ষা রাতে ব্যাঙের ডাক,
কিম্বা শীতার্ত বিড়াল শিশুর কান্না,
টিকটিকির টিকটিক,
কীট থেকে মানুষের বৈচিত্র্যের বহিঃপ্রকাশ,
একাকী নিঃসঙ্গতাতে সবচেয়ে বড় সাথী।
জীবন বলে দেয় আমরা কেউ একা নই!
শব্দ না থেকেও খেলা করে-
কতো শব্দের অনুসঙ্গ !
কেউ একা নই আমরা,
বিপুলা ধরণীর ক্ষুদ্র ক্ষুদ্র কণামাত্র আমরা।
নির্জনতাকে উপভোগ করুন,
সবার মাঝে থেকেও হারিয়ে যাওয়ার চেয়ে-
একা থেকে অজস্র অনুভূতির শিহরণ-
অনুভব করে সুখ-বিলাসে।
দেখবেন প্রাণবায়ু গ্রহণ করছেন-
আগের চেয়ে-অনেক, অনেক বেশি।
নির্জনতা,নিঃসঙ্গতা, একাকীত্বের -
অক্সিজেনে ভরুক অন্তরাত্মা।।
