পোড়া সুখ
সোমা নায়ক (কলকাতা)

সব অভিমান দূরে ঠেলে ঠোঁট ফোলানো মেয়ে
আপনভোলা ছেলের দিকে রইলো অবাক চেয়ে।
বললো হেসে, এই ছেলেটা, বলছি তোকে শোন্
বুঝিস না তুই, পাগলী আমি, সঁপেছি তোকে মন
ঢের হয়েছে ঢং দেখানো, এবার আসল কথা
তোর কথাতে মান হয়ে যায়, তোর কথাতেই ব্যথা
পারিস না তুই মানিয়ে নিতে, আদর দিয়ে বেশ?
কষ্ট দেওয়ার ফিকির খুঁজিস? হয়েছে অভ্যেস?
বকবি যত মানাবি তত, এই তো সোজা হিসেব।
এইটুকুতেই ভুল হয়ে যায়! কায়দা এতো কিসে?
ফোনের স্ক্রিনে হাজার মেসেজ, অভিমানের ঝড়
তারপর যেই আসব কাছে, অমনি যেন পর!
তখন কত বাহাদুরি, ব্যস্ততার নেই শেষ
শোনাস আমায় হাজার লক্ষ, রাগী কথার রেশ
সেই তুইটাই অন্যরকম, নরম আমি হলে
আজব মানুষ, তখন কেন বদলাবি তাই বলে!
বইছে একা উছল নদী, গাইছে জীবন সুরে
মান অভিমান আমার কি কম, যাইনি তবু দূরে।
অ-প্রাপ্তিতে কষ্ট তবু আসি-ই তো পথ ঘুরে
একটা মেয়ে সুখ পেয়েছে তোর প্রেমেতে পুড়ে।
