কবিতা ✍ Final Exposer

ওষুধ

ওষুধ

মধুরিমা মুখোপাধ্যায় রায় (আরামবাগ)0

ভালো লাগছেনা রোগটার-
কোনোও ওষুধ আবিষ্কার হয়নি আজও।

প্রথম বন্ধুর পরামর্শে আপনি-
কাউন্সিলিং করাতে গেলেন।
কাউন্সিলার ভদ্রমহিলার দুটো ব্রেক-আপের পর-
দু নম্বর বিবাহে মনে চাপ চলছে,
তার উপর আপনার ভালো না-
লাগার চাপ!
কড়কড়ে হাজার টাকা খোয়ালেন,
তবু ভালোলাগাটা ফিরে পেলেন না!

দ্বিতীয় বন্ধুর পরামর্শে-
মনোচিকিৎসকের শরণাপন্ন হলেন।
চেম্বারের পরিবেশে-ভালো লাগছেনা-
ব্যাপারটার পারদ আরও চড়লো,
অবশেষে এক থলে ওষুধ নিয়ে-
বাড়ি ফিরলেন।

দু-তিন দিন ঘুমালেন,
মাথা ভারি হলো,
তবুও ভালো লাগছেনা-অনুভূতিটা যাচ্ছেনা,
বরং বেড়েই চলেছে!

তৃতীয় বন্ধুর পরামর্শে-
বেড়াতে গেলেন।
বরফের পাহাড়-রডোডেনড্রন গুচ্ছ-
রঙিন পতাকা -
ধুর-তাও কেন ভালো লাগছে না!

চতুর্থ বন্ধুর পরামর্শে-
একটা গেট-টুগেদার রাখলেন বাড়িতে।
মিমুল এসেই বলে উঠলো--
বিশুদা তুমি বড্ড রোগা হয়ে গিয়েছো।
তিমির বললো-মুখটা এতো শুকনো লাগছে কেন?
দোলা বললো--ফিস ফিঙ্গারের ভেটকি মাছটা টাটকা নয়গো।
এষণা বললো--তোমার বাড়ির পর্দার রঙগুলো দেওয়ালের রঙের সাথে ঠিক ম্যাচ করেনি।
আরও আরও কতো কমেন্ট এলো গেলো--
ভালো না লাগাটা এবার ফেটে বেরোতে চায়!

নাহ আর কারুর পরামর্শে কাজ নেই।

কদিন রোজ সকাল থেকে প্রতিটা-
টেবিল চেয়ার মুছে চলেছেন আপনি,
পাখা পরিষ্কার,ঝুল ঝাড়া পালা করে করছেন।
চাল বাছছেন আপনি,
বউকে অফিস থেকে ফিরে-
রান্নাঘরে সাহায্য করছেন আপনি,
খুশি হয়ে বহুদিন পর আপনার বউ-
যখন আপনার পছন্দের মুড়িঘন্টটা-
রেঁধেছে আজ-কেমন যেন ভালো লাগছে!
রাত্রে শুয়ে আছেন-বহুদিন পর চেনা হাতটা-
যখন মাথার চুলে বিলি কাটছে,
কেমন যেন ভালো লাগছে!

আসলে ভালোবাসা ফিকে হয়ে গেলে-
কিচ্ছু ভালোলাগেনা তখন।
অলস জীবনে ভালো না লাগাগুলো আরও বেশি করে চেপে বসে আর ভালোবাসা ফিরিয়ে এনে-
সম্পর্কের সমীকরণ মেরামত করে-
এমন ওষুধ এখনও বাজারজাত হয়নি।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার