বাপের ব্যাটা (রাজবংশী ভাষায়)
কণিকা বর্মন (বালুরঘাট)

কলির যুগে জন্ম হামার হামরা কলির ছোয়াল
ইচ্ছা মোতোন চলি হামরা যেমন হামার খেয়াল।
মুখে কখনো ছোট হমো না কথায় থাকমো বড়ো
শাসন বারণ মানব না তো ধারমো না ধার কারো।
পোষায় না হামার লেখাপড়া পোষায় না কাজ কাম
রোদ বাতাসে মাঠে ঘাটে ছুটামো না হারা ঘাম।
বাবুর মতোন ঘুরমো খামো মাও বাপ মরবি খাটি
হামরা তো ভাই দিন কাটামো মোবাইল ঘাঁটি ঘাঁটি।
দামি একটা বাইক নিয়ে ছুটমো মাইল মাইল
হিরোর মতোন সাজিগুজি দেখামো খালি স্টাইল।
বাপ মাও দিচা জন্ম হামাক নিবা হবি সব দায়
ফাটুক ফুটুক বুঝবি অরা কী আসে হামার যায়।
হামরা হচি বাপের বেটা দেখমো ক্যানে সাধ্য
হামার জন্যা মাও বাপেরা কিস্তি নিতেও বাধ্য।
কামাই ধান্দা না থাক হামার নাই বা হলি বয়েস
বিহা হামরা করিই ছাড়মো যেমন হামার চয়েস।
বাপ মাও আছে চিন্তা কী অরায় টানবি জোঁয়াল
ব্যাটাক পুষবি বউক পুষবি পুষবি ব্যাটার ছোয়াল।
বেশি কেছু কহিলা হামাক ধরমো ঘাটা বিদ্যাশ
নয়তো ফের হুমকি দিমো করমো জীবন শ্যাষ।
হামরা হচি কলির ছোয়াল সহ্য শক্তি কম
হামাক দেখি থরথর করি কাঁপে স্বয়ং যম।
ঘাঁটাবেন না হামাক কেহ করবেননা কেউ হ্যাটা
কারণ হামরা বংশ প্রদীপ হামরায় বাপের ব্যাটা।
