কবিতা ✍ Final Exposer

নির্বাক

নির্বাক

সুদীপ্ত সেন (কলকাতা)

চোখে কাজল ছিল, হাতে মেহেন্দি রঙ বোনা
বুকের গোপনে ছিল স্নিগ্ধ এক ফোঁটা তিল
তোমার খবর আমি বুলেটিনে আর রাখব না
যেমন রাখে না খবর দূরে কোনও উড়ে যাওয়া চিল।

প্রান্তর খসে গেছে, অন্তর থেকে তুমি ম্রিয়
যাদের স্বভাব থাকে নৌকো ডুবিয়ে দেওয়া তীরে
তাদের আকাশ জুড়ে বরাবর ধ্রুবতারা প্রিয়
ধসে যাওয়া মন থাকে হকারের উচ্ছেদ ঘিরে।

এখনও কী পাতা পড়ে আছে একা থাকা ক্যাম্পাসটাতে?
কেটে গেছে সুতো টান, দূরত্বে দুটো মন রেখে
নারায়ণ দা ভালো আছে? দুটো চা-ব্লু বর্ষাতে
আজও খবর আসে প্রিয় তোর ম্যাডামের থেকে।

তোর নাকি স্পার্ক আছে বুকে লাল রঙ দিয়ে আঁকা
কে আগে ভাঙবে ব্রত? এই ভেবে নির্বাক থাকা!

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার