কবিতা ✍ Final Exposer

গর্ভধারিণী দশভুজা

গর্ভধারিণী দশভুজা

মৌ চক্রবর্তী (হাওড়া)

এই জীবনের রোজনামচায় যার নামটা সবার আগে,
সবার সেবার জন‍্য যে জন নিদ্রাবিহীন রাত্রি জাগে,
অসুখ- বিসুখে ডাক্তারিতে যে জন সবার নজর কাড়ে,
বিশেষ কোনো দিনের ফিঁতে তাকে কখনো মাপতে পারে?
সমাধানের সমস্ত পথ এক নিমেষেই বার করে দেয়,
ভাই-বোনেদের ঝগড়া বিবাদ স্নেহের কথায় ভুলিয়ে যে নেয়,
সংসারের আদালতে কাজ করে যে বেতন না পায়,
তেমন উকিল কোথাও পাবে?,তার কি বিশেষ দিন পাওয়া যায়?
সকাল থেকে ঝাড়ু দেওয়া রাত অবধি বাসন মাজে,
সবাই যখন ঘুমের দেশে তখনো কাজের শেষ নেই যে
ভালো করে ঘুম হয় না,ঘড়ি দেখে কটা বাজে?
এমন কোনো সাফাইকর্মী পাবে তুমি সকল কাজে?
ঘন্টাখানেক খুঁজেও যখন স্কুলড্রেসটা পাইনা খুঁজে,
কাজের মাঝেও এক নিমেষেই হাতের মাঝে দেয় যে গুঁজে
কার -কী, কোথায় হারিয়ে গেছে খুঁজে দিতে কোমর বাঁধে
সেই গোয়েন্দার দিন আছে কি?যায় কী ফেলা দিনের ফাঁদে? 'থাকব না যখন বুঝবি সেদিন'-এটাই যার মুখের বুলি
শত অভাবেও ভরে দেয় যে সন্তানদের চাহিদা ঝুলি
সেই মানুষটা আর কেউ নয়,সবার গর্ভধারিণী মা
মাতৃদিবস প্রতিদিনই -
মায়ের কোনো দিন হয় না।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার