কবিতা ✍ Final Exposer

পথের আলাপ

পথের আলাপ

সুমিতা সিনহা (দুর্গাপুর)

আমাদের আলাপ হয়েছিল Facebook-এ।
আমিই প্রথম আলাপ জমাতে চেয়েছিলাম কেন চেয়েছিলাম এর সদুত্তর আজ আর নেই আমার কাছে ।
তারপর ইনবক্স।
সে মাঝে মাঝে লিখত—
— “আজ খুব ক্লান্ত লাগছে।”
আমি জিজ্ঞেস করতাম,
— “খেয়েছো?”
এই “খেয়েছো?” শব্দটা খুব সাধারণ,
কিন্তু অদ্ভুতভাবে মানুষের কাছে মানুষকে টেনে আনে।
ধীরে ধীরে আমরা একে অপরের দিনের অংশ হয়ে গেলাম।
সে সকালে অফিসে যাওয়ার আগে লিখত—
— “গুড মর্নিং।”
রাতে বলত—
— “ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে।”
আমি কখনো জিজ্ঞেস করিনি—
“ আমাদের কি দেখা হবে?"
কারণ কিছু সম্পর্ক প্রশ্ন করলেই নষ্ট হয়ে যায়।
একদিন সে বলল,
— “তোমাকে একটা জায়গায় নিয়ে যেতে ইচ্ছে করে।”
আমি হেসে বললাম,
— “কোথায়?”
সে লিখল,
— “রাতের আকাশ দেখতে । রাতে আকাশটা খুব শান্ত থাকে ।”
আমি বললাম,
— “তাহলে কোনোদিন যাব।”
সেই “কোনোদিন”টা সত্যিই এল।
আমরা দেখা করলাম একটি নির্জন পথের ধারে
সন্ধ্যা নামছিল।
হাওয়ায় ছিল স্নিগ্ধতার গন্ধ।
আমি আগেই পৌঁছে গিয়েছিলাম।
সে একটু পর এল।
প্রথমবার সামনে দাঁড়িয়ে দুজনেই একটু অস্বস্তি।
অনলাইনে এত কথা বলা মানুষ
সামনে এলে হঠাৎ চুপ হয়ে যায়।
সে হেসে বলল,
— “বাস্তবে তুমি একটু অন্যরকম।”
আমি বললাম,
— “খারাপ?”
সে মাথা নাড়ল,
— “না… আরও ভালো।”
আমরা পথের ধারেই কিছুটা গল্প করেছিলাম।
হঠাৎ সে বলল,
— “তোমাকে একটা কথা বলব?”
আমি বললাম,
— “বলো।”
সে একটু চুপ করে বলল,
— “আমি হয়তো কিছুটা দিন ব্যস্ত থাকবো ।অপেক্ষা করো না আমার জন্য ।”
আমি চুপ করে রইলাম।
সে বলল,
— “জানো, আমি ভাবছিলাম তোমাকে বলব কি না।”
আমি হাসলাম।
— “বলতেই তো।”
সে বলল,
— “আমি ভেবেছিলাম হয়তো তুমি রাগ করবে।”
আমি বললাম,
— “রাগ কেন করব?”
সে একটু আস্তে বলল,
— “কারণ আমি জানি না আমাদের এই সম্পর্কটার নাম কী।”
আমি পথের পানে তাকিয়ে বললাম,
— “সব সম্পর্কের নাম দিতে হয় না।”
সে বলল,
— “তবু… তোমাকে মিস করব।”
আমি বললাম,
— “মানুষকে মিস করা আর তাকে ধরে রাখা—দুটো আলাদা জিনিস।”
সে চুপ করে গেল।
সন্ধ্যার আলো ধীরে ধীরে কমে যাচ্ছিল।
বিদায়ের সময় সে বলল,
— “আমরা কি কথা বলব আগের মতো?”
আমি একটু ভেবে বললাম,
— “হয়তো।”
সে জিজ্ঞেস করল,
— “হয়তো কেন?”
আমি বললাম,
— “কারণ কিছু গল্প দূরত্বে সুন্দর থাকে।”
সে বলল,
— “তুমি খুব অদ্ভুত।”
আমি হেসে বললাম,
— “না, আমি শুধু বাস্তববাদী।”
সেদিন বাড়ি ফেরার পথে মনে হচ্ছিল—
সব গল্পের শেষ ব্রেকআপ হয় না।
কিছু গল্পের শেষ
শুধু ধীরে ধীরে নীরব হয়ে যায়।
কেউ কাউকে ঠকায় না।
কেউ প্রতিশ্রুতি ভাঙে না।
শুধু একদিন
কথাগুলো কমে যায়।
আর একসময় বুঝে যায় মানুষ—
কিছু মানুষ জীবনে আসে
থাকার জন্য নয়,
মনে পড়ার জন্য।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার