খুশির উজানে
রুমা মন্ডল (পূর্ব বর্ধমান)

পেঁজাতুলোসম মেঘরাশি
আকাশের কোণে,
মেলল আঁখি শতদল
আশ্বিনের আহ্বানে।
দোলায়িত কাশবন
মৃদুমন্দ সমীরনে,
শিশিরের মুক্তমালা
শরতের আগমনে।
প্রস্ফুটিত শিউলিফুল
শরতের প্রাণে,
সুরভিত ধরাতল
শিউলির ঘ্রাণে।
গুঞ্জরিত অলিকুল
মধুর সন্ধানে,
নিবেদিত শিউলি
মায়ের চরণে।
ঊষার সোনালী জাগরণ
আগমনীর গানে,
ভাসলো ধরণী আজ
খুশির উজানে।
