কবিতা ✍ Final Exposer

সহজলভ্য

সহজলভ্য

তনুশ্রী সামন্ত (কলকাতা)

সবাইকে যে তোমার মতোই
হতেই হবে,তার কি মানে?
তুমি ভাবো,ভালোবাসা
মানেই শুধু…চাইতে জানে।
তুমি ভাবো,এই জগতে
বিনামূল্যে কে কাকে দেয়?
নিশ্চয়ই ওর ধান্দা আছে
অন্যকিছু,গোপন মনে!
তুমি ভাবো,আরে বাবা
ঢের দেখেছি এই পৃথিবী!
ঐ যতসব মিষ্টি কথা
তেলতেলে সব আদরমাখা,
ওসব সবই গিল্টি করা
মিথ্যে কথা, মিথ্যে সবই!
তুমি বলো, ওই যে যত
সস্তা সহজ কমদামীরা!
ওরা অমন,কেমন যেন
সক্কলেরই গা ঘেঁষে রয়,
যোধা,মোধা,বান্টি,পুটু…
সবাই ওদের আত্মীয় হয়!
তুমি ভাবো,বহুমূল্য হতে গেলে
সহজলভ্য যায় কি হওয়া!
কাছে পেলেই মানুষ তোমায়
ভাবতে পারে হাতের মোয়া!
এসব শুনে আমারা হাসি!

আমরা,যারা সস্তা থাকি,
ভীষণ সহজলভ্য থাকি,
সেই আমরা তোমায় দেখে
ঠোঁটটা টিপে মুচকি হাসি!
তোমায় দেখে মুচকি হাসি!
এবার বলি?এই যে এমন
আলো হাওয়া….
এই যে এমন জল ও মাটি
এরাও তো খুব সহজলভ্য
এই যে এমন ফুলের গন্ধ,
এই যে এমন বন্ লতাটি…
দেখো কেমন সস্তা ভীষণ!
তবুও কেমন সোনার মতোই
তবুও কেমন প্রাণজুড়ানো
ভীষণ খাঁটি!
এদের চেয়েও দামী তুমি!
এদের চেয়েও দামী হবে?
এদের মতো সস্তা হওয়ায়
এমন সহজলভ্য হওয়ায়
পাঠটা আগে শেখো তবে!

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার