কবিতা ✍ Final Exposer

প্রেম হয়নি

প্রেম হয়নি

পপি সূত্রধর (বাংলাদেশ)

আমাদের প্রেম হয়নি কখনো,
প্রেম হবে না বলে বলা হয়নি কখনো,
আমি তোমাকে ভালোবাসি বলা হয়নি।
আমি আমার উঠানের পাশের শিউলির পাতায় পাতায়
তোমার নাম লিখে রেখেছি।
বসন্তের আগে গাছের নিচে দাঁড়িও,
মনোযোগ দিয়ে দেখিও আমার পায়ের ছাপ
ঐ গাছের নিচেই লেপ্টে আছে।
আমি তোমার জানালার ঠিকানা খুঁজে পাইনি
বলে আমার প্রেম পৌঁছয়নি
এমন কথা ভেবে কখনো হেসো না।
অনুরোধ রেখো আমার জন্মদিনে
একটা কালো গোলাপ দিও কোনো অচেনাকে,
তোমার লেখা কবিতায় আমার নাম লিখো।
বক্তৃতায় কোনো কারণ ছাড়া আমার নাম নিও।
আমাদের দেখা হয়নি কখনো,
তাই বলে ভেবো না তোমাকে আমার মুখস্থ হয়নি।
আমার তৃষ্ণাত্ব চোখে তোমাকে খুঁজি একাধিকবার
তুমি এসেও আসোনি বহুবার।
আমার সমস্ত ভাবনাই অসঙ্গতি ,
তাও তুমি ছাড়া পাইনা গতি।
এই না হওয়া প্রেম এই পাওয়া ভালোবাসা
এই দূরত্ব এই বিরহ,
এই বিচ্ছেদ আমার প্রাপ্য না,
এসবে আমায় মানায় না,
আমার জন্মান্তরের দুঃখের ফাঁকে
তোমাকে একটু সুখ হিসেবে লিখে দিলে কি এমন হতো?

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার